১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাকিব-বুবলীকে এক ফ্রেমে পাওয়া গেল বিদেশের মাটিতে

ফেইসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের জীবন।'

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 01:08 AM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে দেখা গেছে স্ত্রী শবনম বুবলীর সঙ্গে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন তারা। ফেইসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, 'যুক্তরাষ্ট্রের জীবন।' ছবিগুলোতে শাকিবের হাত ধরে হাঁটতে দেখা গেছে বুবলীকে।   

জুলাই মাসের ১২ তারিখ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এবার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সেখানে পৌঁছেছেন বুবলীও। সেখানেই তিনজনের ঘুরে বেড়ানো, সময় কাটানোর ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। 

ছবিগুলোতে শাকিব-বুবলীকে বেশ কাছাকাছিই দেখা গেছে, বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর এমনভাবে তাদের আর দেখা যায়নি।  

ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনে প্রায়ই আলোচনায় থাকে শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর নাম। 

২০০৮ সালে সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ওই বছরের ১৮ এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের। বিয়ের পর তারা টানা আট বছর সংসার করেছেন গোপনে। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন এবং বিয়ের খবর জানান। বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেওয়া এই চিত্রনায়িকা বলেছিলেন, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।

পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে বলেছিলেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। তখন গুঞ্জন ছিল, শাকিব ‘অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ায়’ বিয়ে-সন্তানের খবর ফাঁস করেন অপু।

এমন নানা আলোচনার মধ্যে ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু ও শাকিবের। তখন থেকেই গুঞ্জন শোনা যায়, বুবলীর প্রেমে মজেছেন শাকিব।

তার কয়েক বছর পর বুবলীও হঠাৎ ফেইসবুক পোস্টে এসে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীর আলোয়।

এবারও শাকিব অস্বীকার করেননি। তবে শাকিব জানিয়েছিলেন, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদিকে বুবলীর দাবি ছিল, তাদের বিচ্ছেদ হয়নি।