১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও তিন দেশে ‘বনলতা এক্সপ্রেস’

শুক্রবার থেকে দেশগুলোতে সিনেমাটির প্রায় ৫২ টি শো চলবে।

আরও তিন দেশে ‘বনলতা এক্সপ্রেস’
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার অভিনয়শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2026, 05:26 PM

Updated : 10 Sep 2026, 12:47 PM

ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ অস্ট্রেলিয়ার পর এবার মুক্তি পাচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহে। 

শুক্রবার থেকে দেশগুলোতে সিনেমাটির প্রায় ৫২টি শো চলবে।  

আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের পরিবেশনায় প্রথম সপ্তাহে কানাডা সিনেপ্লেক্সে ১০টি, যুক্তরাষ্ট্রে ৩৮টি ও যুক্তরাজ্যে ৪টি শো চলবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার। 

বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে তানিম নূর বলেছেন, "‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে আশা করছি। পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার আহ্বান রইল।"

বিজ্ঞপ্তিতে পরিবেশক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেছেন, "বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার তৈরি হয়েছে সেটাকে আরও গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দিতে হবে। তানিম নূরের ‘উৎসব’ সিনেমাটিও এখানে বেশ প্রশংসা পেয়েছিল। ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েও আমরা বেশ আশাবাদী।" 

চলন্ত ট্রেনের মধ্যে একদল যাত্রীর বৈচিত্র্যময় যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে 'বনলতা এক্সপ্রেস'।

তানিম নূর এই সিনেমার কাহিনীতে যাত্রাপথের নানা ঘটনার মধ্য দিয়ে স্মৃতি, রাজনীতি ও মন্ত্রীর কবিতা পাঠ, সম্পর্ক, বিচ্ছেদ ও মানুষের আবেগের দিক তুলে ধরেছেন। পাশাপাশি দেখা গেছে পেশাদার দায়িত্ববোধের দৃশ্যও।

নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, আরেফিন জিলানী, সাবরিন আজাদ, লাবণ্য চৌধুরী, তামিম করিম, সিফাত রহমান, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

তানিম নূর বলেছেন, সিনেমাটি ‘শতভাগ খাঁটি বাংলাদেশি'। এখানে দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও জীবনধারার প্রতিফলন উঠে এসেছে।

সিনেমায় রয়েছে বেশ কিছু মৌলিক গান। এছাড়া 'অর্থহীন' ব্যান্ডের দর্শকপ্রিয় গান ‘চাইতেই পার’ এবং প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর 'উড়াল দিব আকাশে' গানটিও ব্যবহার করেছেন তানিম নূর।

মুক্তির আগে ‘ইউ’ গ্রেডে এ সনদ পায় ‘বনলতা এক্সপ্রেস’। অর্থাৎ সব ধরনের দর্শকের দেখার জন্য ছাড়পত্র দেওয়া হয় এই সিনেমাটিকে।