১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়া আহসানের ‘ফেরেশতে’ আসছে

তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

জয়া আহসানের ‘ফেরেশতে’ আসছে
‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য। ছবি: প্রযোজকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অভিনেত্রী জয়া আহসানের নতুন সিনেমা ‘ফেরেশতে’।

সিনেমাটি বাংলাদেশ–ইরান যৌথ প্রযোজনায় বানিয়েছে; আগামী ১৯ সেপ্টেম্বর দেশের সব সিনেপ্লেক্সে মুক্তি পাবে ‘ফেরেশতে’।  

প্রয়োজক ও এই সিনেমার অভিনেতা সুমন ফারুক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিন বছর আগে ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। 

পরিচালক সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরেছেন এই চলচ্চিত্রটিকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজনা করেছেন জয়া আহসান। 

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য। ছবি: প্রযোজকের সৌজন্যে। 

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য

বর্তমানে কলকাতায় আছেন এই অভিনেত্রী। গত ৭ সেপ্টেম্বর সেখানে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছেন তিনি। কলকাতার কিছু কাজ সেরে এই সপ্তাহে ঢাকায় ফেরার কথা রয়েছে জয়ার। এরপর নামবে সিনেমার প্রচার কাজে।

এই কাজটিকে জয়া ‘চ্যালেঞ্জিং' হিসেবে বর্ণনা করেছে।

জয়া বলেন, “আমাদের দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, তাদেরই একজনের ভূমিকায় আমি অভিনয় করেছি। পুরো টিম সহযোগিতা করায় শুটিং সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে।" 

নির্মাণের পর সিনেমাটি দেখানো হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি পুরস্কারও জিতেছে।     

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য। ছবি: প্রযোজকের সৌজন্যে। 

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য

এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছে ‘ফেরেশতে’।

সুমন ফারুক বলেন, "আমরা যেমন বিদেশি সিনেমা দেখে তাদের সংস্কৃতি জানতে পারি, তেমনি ‘ফেরেশতে’ আমাদের সমাজ-সংস্কৃতির গল্প তুলে ধরেছে। প্রান্তিক মানুষের যে গল্প উচ্চবিত্ত সমাজ সহজে ভাবে না, সেই গল্প বলেছে সিনেমাটি। বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছি, এবার আমাদের দেশের দর্শকরা হাততালি দেবেন বলে আশা করছি।” 

জয়া আহসান ও সুমন ফারুক ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।    

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য। ছবি: প্রযোজকের সৌজন্যে।  

‘ফেরেশতে’ সিনেমার দৃশ্য

প্রযোজনার দায়িত্বে ছিলেন এই অভিনেতাও। ‘ফেরেশতের’ চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ, যিনি ফারসি ও বাংলার অনুবাদেও কাজ করেছেন ফয়সাল ইফরানের সঙ্গে।