১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘খণ্ড খণ্ড নজরুল অখণ্ড নজরুলের চেয়েও শক্তিশালী’

গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং অসুস্থ সংগীতশিল্পী শবনম মুশতারীর পক্ষে তার মেয়ে নজরুল পুরস্কার নেন।

‘খণ্ড খণ্ড নজরুল অখণ্ড নজরুলের চেয়েও শক্তিশালী’
বাংলা একাডেমিতে নজরুলজয়ন্তীর আলোচনায় বক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

সেমিনার, নজরুল পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুলজয়ন্তী উদযাপন করেছে বাংলা একাডেমি। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রোববার সকাল সাড়ে ৬টায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। 

পরে বিকালে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে নন্দনের ‘বাঁশরী ও তূর্য’ অথবা নজরুলের সাহিত্যচিন্তার কয়েক দিক’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন টাঙাইলের সরকারি সা’দত কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জগলুল আসাদ। 

খণ্ড খণ্ড নজরুল অখণ্ড নজরুলের চেয়েও বেশি শক্তিশালী মন্তব্য তিনি বলেন, “নজরুলের সাহিত্য তার অভিজ্ঞতার বিস্তৃত জমিন থেকে উৎসরিত। প্রত্যেকেরই আছে টুকরো টুকরো নজরুল, যে নজরুলকে বহন করতে হয় বিবিধ মতাদর্শে।

“কবি নজরুল তার জীবনকে করেছিলেন বেদনার মতো টলোমলো, আনন্দের মতো চঞ্চলা ও অনিশ্চিত। নজরুলের বিশিষ্টতা হচ্ছে, তাকে আমরা কাজে লাগাতে পারি- মিছিলে, বিক্ষোভে ও প্রতিবাদে।” 

প্রাবন্ধিক বলেন, “পশ্চিমা নন্দনতত্ত্বকে গন্তব্য না করেই নজরুল নির্মাণ করেছিলেন তার নিজস্ব শিল্পভুবন। বাংলাভাষার রমণীয় গীতিময়তার মধ্যে তিনি যোগ করেছেন পৌরুষ। কবিতায় তার ব্যক্তিগত হাহাকারও হয়েছে সকলের। নজরুলে দীর্ঘশ্বাস আছে, প্রার্থনার মত আকুল পঙক্তি আছে, বিক্ষুব্ধ স্বর আছে, দ্রোহের অগ্নিও আছে, ভাষার তুর্কি নাচন আছে, ছন্দের গীতল ভঙ্গিও আছে। নজরুলে ‘উন্নত শির’ আছে, প্রেয়সীর কাছে ‘নতশির’ সমর্পণ’ও আছে। নজরুল ময়দানের স্লোগানেও ব্যবহার্য, ব্যক্তিগত নিভৃতিতেও সে সমান চিত্তহারী।”

অধ্যাপক আনোয়ারুল হকের হাতে তুলে দেওয়া হয় এ বছরের বাংলা একাডেমির নজরুল পুরস্কার। 

অধ্যাপক আনোয়ারুল হকের হাতে তুলে দেওয়া হয় এ বছরের বাংলা একাডেমির নজরুল পুরস্কার।

আলোচনায় অংশ নিয়ে আফজালুল বাসার বলেন, “নজরুলকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অবকাশ আছে। তার সাহিত্য ও জীবনের বৈচিত্র্য মানুষের কাছে তাকে মূল্যায়নের বিভিন্ন সড়ক তৈরি করেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে এটিই সবচেয়ে বড় সত্য যে তিনি মেহনতি মানুষের মুক্তির স্বপ্নকে সত্যি করতে সাহিত্যচর্চা করেছেন এবং লড়াইয়ের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন।”

স্বাগত বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, “নজরুল আমাদের জাতীয় চেতনার উদ্বোধনে অবিকল্প ভূমিকা পালন করেছেন; এটা ভারতবর্ষের সম্পূর্ণ স্বাধীনতার ক্ষেত্রে যেমন সত্য- তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে সমান সত্য। নজরুল ব্যক্তিগত নিভৃতির জায়গা থেকে বাংলা কবিতাকে জনযুদ্ধের অগ্নিগর্ভ আবেদনে নিয়ে এসেছেন।” 

নজরুলের সাহিত্যকে একমাত্রিক বলয় থেকে বেরিয়ে নানা নন্দনতাত্ত্বিক পরিসরে পাঠ করার কথাও বলেন বাংলা একাডেমির মহাপরিচালক।

সভাপ্রধানের বক্তব্যে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, “নজরুল তার সৃষ্টিশীল জীবনে কোনো অন্যায় বা অপশক্তির সঙ্গে আপস করেননি। তিনি চেয়েছেন স্বদেশের সম্পূর্ণ স্বাধীনতা। ঔপনিবেশিক বাস্তবতায় বসবাস করেও বিপ্লব বিদ্রোহের আগুনে সবসময় জ্বলন্ত ছিলেন তিনি। নিজের অন্তরের অগ্নি তিনি সম্প্রসারিত করেছেন বাংলা কবিতায় এবং স্বাধীনতাকামী মানুষের মনের ময়দানে।” 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় নূর হোসেন রানার নির্দেশনা ও পরিচালনায় গীতিনাট্য ‘দেখবো এবার জগৎটাকে’। 

আবৃত্তি করেন লিজা চৌধুরী ও শামীমা চৌধুরী। নজরুলগীতি পরিবেশন করেন সালাউদ্দিন আহমেদ, সুমন মজুমদার, আজগর আলীম, ফারাহ দিবা খান লাবণ্য।

নজরুল পুরস্কার বিতরণ

বাংলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অবদানের জন্য নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুলসংগীত চর্চায় সংগীতশিল্পী শবনম মুশতারীকে নজরুল পুরস্কার ২০২৫ এ ভূষিত করেছে। 

পুরস্কারপ্রাপ্ত গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় শিল্পী শবনম মুশতারীর পক্ষে তার মেয়ে শামারুখ মাহজাবীনের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট এবং পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকার চেক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং মহাপরিচালক মোহাম্মদ আজম।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে আনোয়ারুল হক বলেন, “নজরুল গবেষণা মানেই আমাদের সামগ্রিক শুভবোধ ও মঙ্গলচিন্তার চর্চা। বাংলা একাডেমির এই স্বীকৃতি নজরুল গবেষণায় আমাকে এবং আমার মতো বহু গবেষককে প্রাণিত করবে বলে বিশ্বাস করি।” 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়েরা হাবীব এবং ড. মাহবুবা রহমান।