১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘খুব কাছেরই কেউ’ থেকে ‘কুলি’, যা দেখা যাচ্ছে ওটিটিতে

চলতি সপ্তাহের ওটিটির খবর তুলে ধরেছে গ্লিটজ।

‘খুব কাছেরই কেউ’ থেকে ‘কুলি’, যা দেখা যাচ্ছে ওটিটিতে
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও সিরিজের পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 09:38 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

রোমান্স–ড্রামা ফিকশন, ওয়েব ফিল্ম, মিউজিক্যাল সিনেমা থেকে শুরু করে দক্ষিণ ভারতের মহাতারকা রজনীকান্তের সিনেমা দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে।     

চরকিতে এসেছে রোমান্স–ড্রামা ফিকশন ‘খুব কাছেরই কেউ’ এবং মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’। দুটিতেই থাকছে নতুন প্রজন্মের গল্প, প্রেম, সম্পর্ক আর আবেগের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। 

আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব ফিল্ম ‘নয়া নোট’। প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে রজনীকান্তের নতুন সিনেমা ‘কুলি’। চলতি সপ্তাহের ওটিটির এসবের খবর তুলে ধরেছে গ্লিটজ। 

চরকিতে ফিকশন 'খুব কাছেরই কেউ'

চরকিতে চলছে ‘খুব কাছেরই কেউ'। আরাফাত মোহসীন নিধির নির্মাণে এতে অভিনয় করেছেন এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল।    

'খুব কাছেরই কেউ' কনটেন্টটির চিত্রনাট্যে দেখা গেছে, দুইজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। যারা বিয়ের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে এই ফিকশনের কাহিনী। 

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান অনিক। 

আইস্ক্রিনে নাসির উদ্দিন খানের 'নয়া নোট' 

আইস্ক্রিনে দেখাচ্ছে ওয়েব ফিল্ম 'নয়া নোট'। সিনেমাটি বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী। অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, পার্থ শেখসহ অনেকে।    

‘নয়া নোট’ সিনেমাটি এক বৃদ্ধ ভিখারির গল্প নিয়ে নির্মিত। বেশিরভাগ মানুষই যার হাতে গুঁজে দেয় ছেঁড়া-ফাটা পুরোনো নোট। একদিন তাকে একটা চকচকে নতুন নোট দেয় একজন। খুশি হয়ে ওঠে সে। পাশাপাশি দেখা যাবে চাকরিজীবী এক তরুণ নিয়মিত দেখা করেন সেই ভিক্ষুকের সঙ্গে এবং তাকে টাকা দেন। 

ওই তরুণ বিশ্বাস করেন, বৃদ্ধ ভিক্ষুকের সঙ্গে দেখা হওয়ায় তার ভাগ্য খুলে গেছে। কে এই বৃদ্ধ, সেই রহস্যের জট খুলতে এগিয়ে যাবে ওয়েব ফিল্ম।

মিউজিক্যাল ফিল্ম ’ফিরে এসো’

চরকিতে চলছে মিউজিক্যাল ফিল্ম ’ফিরে এসো’। ২৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় অভিনয় করেছেন ফিডব্যাক ব্যান্ডের কণ্ঠশিল্পী শাহনুর রহমান লুমিন এবং নীলাঞ্জনা নীল। 

সুরকার-গীতিবার অটমনাল মুনের কথা, সুর ও সংগীতে মিউজিক্যাল ফিল্মটির ভিডিও চিত্র নির্মাণ করেছেন রাজিবুল হোসেন।  

’ফিরে এসো’ মিউজিক্যাল ফিল্মে দেখা যাবে, কক্সবাজার সমুদ্র পাড়ে গিয়ে পরিচয় দুই তরুণ তরুণীর। যাদের একজন ফটোগ্রাফার, আরেকজন শিক্ষক। পরিচয় থেকে ক্ষণস্থায়ী প্রেম এবং বিচ্ছেদের গল্প উঠে এসেছে গানে গানে। 

প্রাইম ভিডিওতে রজনীকান্তের 'কুলি'

তামিল সিনেমা 'কুলি' দেখা যাচ্ছে প্রাইম ভিডিওতে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন ভারতের দক্ষিণের মহাতারকা রজনীকান্ত। আরও আছেন নাগার্জুন, সৌবিন সাহির, শ্রুতি হাসান।  

সিনেমার চিত্রনাট্য সোনা চোরাচালানের ঘটনাকে ঘিরে। কুলি ইউনিয়নের সাবেক নেতা দেবা তার পুরোনো বন্ধুর রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করে। এ তদন্ত করতে গিয়ে সে সোনা ও অঙ্গ চোরাচালান চক্রের সন্ধান পায়। এই জায়গা থেকে বন্ধুর হত্যার সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে কীনা সেই গল্পই দেখা যাবে অ্যাকশনধর্মী এই সিনেমায়।