Published : 08 Jan 2026, 05:50 PM
শুরু হতে যাচ্ছে নয়দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। এবারের উৎসবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে এবারই প্রথমবারের মত কক্সবাজারের সমুদ্র সৈকত থেকেও দর্শকরা দেখতে পারবেন সিনেমাগুলো।
আসন্ন উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল।
তিনি বলেছেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে উৎসবের সিনেমাগুলো কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া ঢাকার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনেও দেখানো হবে সিনেমা।
শনিবার শুরু হয়ে উৎসব চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের প্রথম দিন উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। সন্ধ্যা ৭টায় দেখা যাবে ইরানের সিনেমা ‘উইদাউট মি’।

বরাবরের মত এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। এগুলো হল-এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।
এবারের উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশের ১৫টি পূর্ণদৈর্ঘ্য ও ৪৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা মনোনীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানারোমায় প্রদর্শিত হবে ৯টি সিনেমা।
এসব সিনেমার মধ্যে রয়েছে সোহেল রানার ‘নয়া মানুষ’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পালের ‘ধামের গান’, অনন্য প্রতীকের ‘নয়া নোট’, সুমন ধরের সিনেমা ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, মনিরুল হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’ এবং তানিম নূরের ‘উৎসব’।
বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দিয়ে সাজানো হয়েছে ওয়ার্ল্ড সিনেমা শাখা। এই বিভাগে রয়েছে ৪৯টি সিনেমা। এর মধ্যে দেশের দুইটি সিনেমা জায়গা পেয়েছে। আবদুস সামাদ পরিচালিত সিনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ ও শেখ আল মামুন পরিচালিত সিনেমা ‘ড্রেইনড ড্রিম’।
এ ছাড়া নারী নির্মাতাদের ২৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে সাজানো হয়েছে উইমেন সেকশন। এখানে দেশের পাঁচ নারী নির্মাতার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্বাচিত হয়েছে। আফরোজা হোসাইনের তিমির ‘গান’, প্রজ্ঞা পারমিতা দাসের ‘পটারি: দ্য ফরগটেন আর্ট’, চৈতালি সমাদ্দারের ‘মারিয়ম’, শায়লা রহমানের ‘ঝরা পাতার চিঠি’ ও স্বর্ণা মাহমুদের ‘দ্য রোড টু মাই ফাদার’ দেখানো হবে।
এবার ওপেনটি বায়োস্কোপ সেকশনে প্রদর্শিত হবে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এর মধ্যে দেশের ৪টি পূর্ণদৈর্ঘ্য ও ৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা জায়গা পেয়েছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হল অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’, বড়ুয়া সুনন্দার ‘ডট’, সবুজ খানের ‘বেহুলা দরদী’ ও রাইসুল ইসলামের ‘বিশ্বাস করেন ভাই’ সিনেমা।
সিনেমা প্রদর্শনের পাশাপাশি উৎসবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক সভা ‘টুয়েলফথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৬’ অনুষ্ঠিত হবে, থাকছে চার দিনের মেন্টরশিপ ওয়ার্কশপ, চতুর্থবারের মত এবারও থাকছে মাস্টারক্লাস বিভাগ, থাকছে আর্ট এক্সিবিশন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সাংবাদিক ও চিত্রনাট্যকার মোহাম্মদ রফিকুজ্জামান, সাংবাদিক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি এবং চলচ্চিত্র আন্দোলনকর্মী এ এম মামুনুর রশীদ, শিল্পী লুতফা মাহমুদা, জালাল আহমেদ ও লেখক ও চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু।