১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেইলারে মেহজাবীন চৌধুরীর ‘সাবা’

মা ও মেয়ের আবেগের গল্প উঠে এসেছে 'সাবা' সিনেমার ট্রেইলারে।

ট্রেইলারে মেহজাবীন চৌধুরীর ‘সাবা’
‘সাবা’ সিনেমার দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: ট্রেইলার থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 02:21 PM

প্রেক্ষাগৃহে মেহজাবীন চৌধুরীর 'সাবা' নামের যেই সিনেমাটি আসছে সেটির ট্রেইলার প্রকাশ্যে এসেছে।  

দেড় মিনিটের ট্রেইলারে দেখা গেছে, একটি দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন মা, মায়ের সেবার ছায়া হয়ে র‍য়েছেন মেহজাবীন চৌধুরী। তবুও মায়ের কণ্ঠে অসহায়ত্বের সুর। 

মলিন স্বরে মা বলেন, “আমার জন্য তোর কষ্ট বাড়ছে।” এদিকে ভালোবাসা জড়ানো কণ্ঠে মেহজাবীন জবাব দেয়, “তোমারে কে বলছে কষ্ট বাড়তেছে, তোমার জায়গায় যদি আমি হতাম, তুমি কি আমায় ফেলে দিতে?” 

মা ও মেয়ের আবেগের গল্প উঠে এসেছে 'সাবা' সিনেমার ট্রেইলারে। মা চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, এছাড়াও ট্রেইলারে অভিনেতা মোস্তফা মনোয়ারকে দেখা গেছে মেহজাবীনের বন্ধু হিসেবে, তবে তার চরিত্রটি রহস্যময়। 

ট্রেলারটি প্রকাশ করা হয়েছে মেহজাবীনের অফিসিয়াল ফেইসবুক পেইজ ও সিনেমার অফিসিয়াল পেইজে। প্রকাশের পর থেকেই দর্শকরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। 

অভিনেতা নীরব হোসেন লিখেছেন, 'দারুণ, শুভকামনা রইল'।   

রহমত মতি নামের একজন লিখেছেন, '২২ বছর আগে মাকে হারানোর সেই দিনগুলোর কথা মনে পড়ল।' 

ভূমি রায় নামের আরেক দর্শক লিখেছেন, “সাবা পুরোটাই আমার জীবনের গল্প, আমার মাও এমন অসুস্থ। আমার মা শেষ যাত্রার পথে সবাই আমার মায়ের জন্য আশীর্বাদ করবেন।”   

নব্বই মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা মাকসুদ হোসাইন ও তার স্ত্রী ত্রিলোরা খান।

‘সাবা’ সিনেমার দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: ট্রেইলার থেকে নেওয়া।  

‘সাবা’ সিনেমার দৃশ্যে অভিনয়শিল্পীরা

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবার' যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন।

চলতি বছরের মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

দেশে সাবা মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর।