১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শহীদ মিনারে শ্রদ্ধার পর বনানীতে শায়িত হবেন আতাউর রহমান

আতাউর রহমান স্বাধীনতাযুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 07:31 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য অভিনেতা-নির্দেশক আতাউর রহমানের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়জীদ মঙ্গলবার জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আতাউর রহমানের মরদহে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর সেখান থেকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হবে। 

এর আগে মগবাজারের ইস্পাহানী সেঞ্চুরি আর্কেডে তার বাসার সামনের খোলামাঠে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বায়জীদ।

স্বাধীনতা ও একুশে পদক পাওয়া আতাউর রহমান মারা যান সোমবার রাত সাড়ে ১২টার দিকে। তিনি রাজধানীর ধানমন্ডিতে পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর৷ 

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেছিলেন, গুরুতর অসুস্থ হলে তাকে গত শুক্রবার এ হাসপাতালে আনা হয়। পরে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

পরিবারে আতাউর রহমান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের বেশ কয়েকটি মাধ্যমে কাজ করেছেন এই নাট্য ব্যক্তিত্ব। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চনির্দেশনা করেছেন। লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত।

মঞ্চনাটকে অবদানের জন্য তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে পান স্বাধীনতা পুরস্কার।

আরও পড়ুন-

অভিনেতা আতাউর রহমানের জীবনাবসান