Published : 14 Aug 2026, 12:59 AM
নব্বই দশকের প্রেমের প্রকাশ কেমন ছিল, তা এই প্রজন্মের দর্শকদের জানাতে তৈরি হচ্ছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে : ধ্রব দিয়াস লাভ জার্নি’।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।
চিত্রনাট্য ও সিনেমার এই নাম নিয়ে অর্ক বলেন, “‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেই একটি বিশেষ রহস্য বা ‘হিডেন স্টোরি’ লুকিয়ে রয়েছে। তবে সেই রহস্যটি এখনই উন্মোচন করতে চাই না; তা জানতে হলে দর্শকদের পুরো সিনেমাটি দেখতে হবে।
“নব্বইয়ের সময়ের প্রেমের গল্প হলেও আধুনিক মেকিংয়ের কারণে দর্শক এতে এক ভিন্ন ধরনের আমেজ ও আনন্দ পাবেন।”
সিনেমার প্রধান দুইটি চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভি ও লাবণ্য চৌধুরী। এই সিনেমার মাধ্যমে এই জুটির অভিষেক হতে চলেছে।
নাওভী-লাবণ্য ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুঁই, আরমান মাহমুদ ও শওকত শোভন।
গল্পের আবহের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্প্রতি ঢাকা ও মানিকগঞ্জে দৃশ্যধারণ করা হয়েছে।
ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় বলেন, “সম্প্রতি চিত্রগ্রহণের কাজ শেষ হয়েছে। এমনকি পোস্ট প্রোডাকশনের কাজও আমরা সফলভাবে সম্পন্ন করেছি।”
আগামী মাসের শেষে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন পরিচালক।