১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটকের গল্পে-সংলাপে একুশের বোধ

শনিবার বিভিন্ন স্টেশনে প্রচার হওয়া এসব নাটকের খবর তুলে ধরা হলো গ্লিটজের এই প্রতিবেদনে।

নাটকের গল্পে-সংলাপে একুশের বোধ
বিভিন্ন টেলিভিশন স্টেশনে প্রচার হবে একুশের বিশেষ নাটক। ছবি: টেলিভিশন স্টেশনের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 02:37 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেসরকারি টেলিভিশন স্টেশনগুলো প্রতি বছরই একুশের বিশেষ নাটক প্রচার করে। ভাষা আন্দোলনের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং বর্ণমালার প্রতি ভালোবাসার গল্পগুলো প্রতিফলিত হয় নাটকগুলোতে।

শনিবার বিভিন্ন স্টেশনে প্রচার হওয়া এসব নাটকের খবর তুলে ধরছে গ্লিটজ।

বিটিভিতে বিশেষ নাটক ‘সিদ্ধান্ত’      

ভাষাশহীদদের আত্মত্যাগ ও ইতিহাসের পটভূমিতে নির্মিত একুশের বিশেষ নাটক ‘সিদ্ধান্ত’। বাংলাদেশ টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি। কাজী আসাদের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। অভিনয় করেছেন মাসুম বাশার, কাজী আসাদ, সালমান আরাফাতসহ অনেকে।

আরটিভিতে 'বর্ণ'  

ভাষা আন্দোলনের চেতনা এবং বর্ণমালার প্রতি ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে নাটক 'বর্ণ'। আরটিভিতে রাত ৮টায় দেখা যাবে নাটকটি। 

ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় এর চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। এতে অভিনয় করেছেন ফাহহান আহমেদ জোভান, পারসা ইভানা, শেহতাজ মুনিরা হাশেমসহ অনেকে।

চ্যানেল আইয়ে 'চিঠিওয়ালা'      

‘বোধ’ বদলে দেওয়ার বার্তা নিয়ে ভাষা দিবসের জন্য নির্মিত হয়েছে ‘চিঠিওয়ালা’ নাটক। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। 

চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রশীদ হারুন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে নাটকটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকারসহ অনেকে।

মাছরাঙায় 'আমার বর্ণমালা'  

‘আমার বর্ণমালা’ বইকে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব নেওয়া এক শিক্ষকের গল্পে নির্মিত হয়েছে নাটক 'আমার বর্ণমালা'। মাছরাঙা টেলিভিশনে রাত ৮টায় প্রচার হবে নাটকটি। 

সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ এক গুচ্ছ শিক্ষার্থী।

দুরন্ত টিভিতে 'ঝুটুম পাখির কথা'  

পাখিদের ভাষা না বোঝার দুঃখ কাটাতে ছোট্ট এক টিয়া পাখিকে এক শিশুর ভাষা শেখানোর প্রাণান্তকর প্রচেষ্টার ঘটনা ঘিরে নির্মিত হয়েছে নাটক 'ঝুটুম পাখির কথা'। 

নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। এতে অভিনয় করেছেন সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও ঋদ্ধি। দুরন্ত টিভিতে বেলা ২টায় প্রচার হবে নাটকটি।