Published : 05 Sep 2025, 06:30 PM
ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে লালনগীতির জনপ্রিয় শিল্পী ফরিদা পারভীনকে।
মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ডায়ালাইসিস করানোর পর তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। চার দিন ধরে সেখানেই তার চিকিৎসা চলছে।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, শারীরিক অবস্থা বুঝে ফরিদা পারভীনকে শুক্রবার রাতে কেবিনে নেওয়া হতে পারে।
গ্লিটজকে তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই তো কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। উনাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। মঙ্গলবার ডায়ালাইসিসের পর উনার বমি শুরু হয়, হিমোগ্লোবিন কমতে থাকে এবং উনার ‘ইন্টার্নাল ব্লিডিং’ হয়। তারপর দ্রুত আইসিইউতে নেওয়া হয়।
“উনার শ্বাসকষ্টের সমস্যা আছে, এবারের অবস্থা আগে থেকে কিছুটা জটিল।”
গেল জুলাই মাসেও টানা দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই শিল্পী।
আশীষ চক্রবর্তী বলেন, “কিডনি ফেইলিউর কোনো রোগীর অবস্থা নিয়ে আগে থেকে বলা যায় না। উনি যখন জুলাই মাসে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন, তখন বলেছিলাম উনার হয়ত আবারও হাসপাতালে ভর্তি হতে হবে। আমরা উনার সুস্থতার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
৭১ বছর বয়সী ফরিদা পারভীনের অসুস্থতা দীর্ঘদিনের। কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতা রয়েছে তার।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এ শিল্পী। সে সময় ১৩ দিন হাসপাতালে থেকে বাসায় ফেরেন। এরপর গত ৫ জুলাই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।
সেসময় হাসপাতালে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। তারপর ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেডিকেল বোর্ড গঠনের দাবি জানিয়েছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ফারিদা পারভীনের চিকিৎসার খোঁজখবর নেন।
এরপর মেডিকেল বোর্ড গঠন করে ফরিদা পারভীনের চিকিৎসা চলছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে।
নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন। এরপর জীবনভর লালনগীতি চর্চাতেই ডুবে থেকেছেন এই শিল্পী।
সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান তিনি।
বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে।
ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন 'অচিন পাখি সংগীত একাডেমি'। কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটিও টিকে থাকার লড়াইয়ে।
আরও পড়ুন-
ফরিদা পারভীনকে নিয়ে উদ্বিগ্ন খালেদা জিয়া, খোঁজখবর রাখছেন
ফরিদা পারভীনের চিকিৎসা: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ফখরুল
অর্থ নয়, 'চিকিৎসা সহযোগিতা' চায় ফরিদা পারভীনের পরিবার
ফরিদা পারভীনকে নিয়ে 'ভুয়া খবর' না ছড়ানোর অনুরোধ পরিবারের
আবারও অসুস্থ ফরিদা পারভীন, প্রয়োজন উন্নত চিকিৎসার