Published : 15 Jul 2026, 12:54 PM
ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা-সিরিয়ালের প্রবীণ অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায় বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন, তবে চিকিৎসকের পর্যবেক্ষণে থাকার পর অভিনেতার অবস্থা বর্তমান অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার মেয়ে মধুবন্তী মুখোপাধ্যায়।
কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে মধুবন্তী বলেন, তার বাবার এঞ্জিয়োপ্লাস্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “গেল ১১ জুলাই বাড়িতেই আচমকা বুকে ব্যথা অনুভব করেন বাবা। তার পর আমি নিয়ে যাই চিকিৎসকের কাছে, যিনি নিয়মিত দেখেন। ইসিজির পরে চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। প্রথমে নেওয়া হয় আইসিইউতে।”
বর্ষীয়ান এই অভিনেতা যে হৃদ্ররোগে আক্রান্ত হয়েছেন, তা তখনই চিকিৎসকরা তার পরিবাররের সদস্যদের জানিয়েছেন।
সুমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে জানিয়েছেন, অভিনেতার খাওয়াদাওয়া, কথাবার্তা সবই স্বাভাবিক আছে।
কিছুদিন ধরে এই অভিনেতাকে দর্শকরা দেখছেন ‘কুমকুম’ ধারাবাহিকে। এর আগে ওটিটিতে ‘একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও' সিরিজে তাকে পাওয়া গেছে। এছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর কানাইচরণ’তে অভিনয় করার কথা রয়েছে তার।