১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শহীদ মিনারে বসছে লালনের গানের আসর, ছড়াবে ‘সহনশীলতার বার্তা’

সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, “মানুষের মাঝে সহনশীলতা আর শান্তির বার্তা ছড়িয়ে দিতেই আমরা এ অনুষ্ঠানটি আয়োজন করছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 07:33 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

ফকির লালন সাঁইয়ের গানের চরণ ফেইসবুকে শেয়ার করে এক যুবকের আটকের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তার গান নিয়ে অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মীর মাসরুর জামান রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত লালন সঙ্গীতের আসর চলবে। 

এই আয়োজনে ফরিদা পারভীনসহ দেশের বিশিষ্ট শিল্পীরা লালন সঙ্গীত পরিবেশন করবেন।

সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লালন ফকির মানুষের মাঝে মানবিকতার জয়গান করেছেন। ধর্ম-বর্ণ, জাত-পাতের উর্ধ্বে গিয়ে মানুষকেই বড় করে তুলেছেন। মানুষের মাঝে সহনশীলতা আর শান্তির বার্তা ছড়িয়ে দিতেই আমরা এ অনুষ্ঠানটি আয়োজন করছি।”

লালনের গানের চরণ ফেইসবুকে দিয়ে কারাগারে যুবকপরে জামিন

সম্প্রতি শরীয়তপুরের ভেদরগঞ্জে এক যুবক লালনের গানের চরণ ফেইসবুকে পোস্ট করায় তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তোলেন কিছু ব্যক্তি; পরে ওই যুবককে আটক করে পুলিশ।

সঞ্জয় রক্ষিত নামের ওই ব্যক্তি পরে জামিন পেলেও এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম হয়।

সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি ফেইসবুকে গানের যে দুটি লাইন পোস্ট করেছিলেন তা অনেকের কাছে ধর্মীয় ’কটূক্তি’ বলে মনে হয়েছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে তার বাড়ির সামনে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন।

তার ফেইসবুক পোস্ট নিয়ে এলাকায় কিছু ব্যক্তি হৈচৈ শুরু করলে পুলিশ এমন পদক্ষেপ নেয়। ভেদরগঞ্জের মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার ৪০ বছর বয়সী সঞ্জিত পেশায় স্বর্ণকার।