Published : 16 Apr 2026, 08:30 PM
আগেই প্রয়াত হয়েছেন উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর; চার বছর পর চলে গেলেন লতার বোন, আরেক কিংবদন্তী আশা ভোঁসলে। দুই বোনের কণ্ঠে তোলা সুর হয়ত যুগ যুগ ধরে রয়ে যাবে, তারপরও তাদের স্মৃতিতে বিশেষ উদ্যোগ নিয়ে মঙ্গেশকর পরিবার।
পাঁচ ভাইবোনের মধ্যে এখন বেঁচে আছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। সম্প্রতি ভাই হৃদয়নাথই জানিয়েছে দুই বোনের স্মৃতি ধরে রাখার উদ্যোগের কথা।
ইন্ডিয়া টুডে লিখেছে, পারিবারিক সিদ্ধান্ত হয়েছে, লতা-আশার নামে একটি হাসপাতাল করা হবে; এজন্য জমিও পাওয়া গেছে।
হৃদয়নাথ বলেন, “আমরা চাইছি এটা যাতে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি পেয়ে গেছি। বাকিটা ঈশ্বরের মর্জি।”
‘আশা-লতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ অথবা ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’ যে কোনো একটি নাম বেছে নেওয়া পারে এর জন্য।
হাসপাতালটি হবে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, হৃদয়নাথের বরাতে এমনটাই জানিয়েছে ইন্ডিয়া টুডে।
এই উদ্যোগ সম্পর্কে বলতে গিয়ে হৃদয়নাথ মঙ্গেশকর এক বিবৃতিতে বলেছেন, “লতা দিদি এবং আশা আমাদের কাছে শুধু নাম ছিলেন না, তারা ছিলেন আমাদের শ্বাস।”
৪০ একজুড়ে বিস্তৃত হবে হাসপাতাল প্রকল্পটি, যেখানে মানুষের পাশাপাশি ছোট প্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও থাকবে।
সাড়ে ২২ লাখ বর্গফুটের এই চিকিৎসাকেন্দ্রটি হবে এক হাজার শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল; যা দেশটির আধুনিক বিশেষায়িত সার্জিক্যাল হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করার ইচ্ছা রয়েছে পরিবারটির।
চিকিৎসাকেন্দ্র ছাড়াও মঙ্গেশকর পরিবারের গৌরবময় সঙ্গীতযাত্রার স্মৃতি বাঁচিয়ে রাখতে একটি সংগ্রহশালা গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংগ্রহশালায় মঙ্গেশকার পরিবারের দুর্লভ স্মৃতিচিহ্ন এবং সঙ্গীতের জগতে তাদের অবদান তুলে ধরা হবে। দর্শনার্থীরা এখানে ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে সঙ্গীত শেখার সুযোগও পাবেন।
মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গত রোববার জীবনাবসান ঘটে আশা ভোঁসলের। পরদিন বিকালে তার শেষকৃত্য হয়। আর আশার বড় বোন লতা মঙ্গেশকর প্রয়াত হন ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি।