Published : 22 Jun 2025, 12:18 PM
ভারতের মুম্বাই শহরে স্ত্রী গোরী খান যে রেস্তোঁরা খুলেছেন, তাতে প্রায়ই খেতে যান বলিউডি অভিনেতা শাহরুখ খান ও তার ছেলেমেয়েরা।
কিন্তু সেখানে তাদের ঢোকা বা বের হওয়ার ছবি-ভিডিও সামনে আসে না। নিউজ ১৮কে দেওয়া সাক্ষাৎকারে এর গুমোর ফাঁস করেছেন রোস্তোঁরা তরীর রন্ধনশিল্পী স্টেভান গাদিত।
তিনি বলেছেন শাহরুখ ও তার ছেলেমেয়ের দেখতে না পাওয়ার কারণ হল রেস্তোরাঁয় গুপ্ত দরজা। খান পরিবারের যাতায়াতের জন্যই এই দরজা তরীতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন সেই গুপ্ত দরজার ঠিকানা সবার জানা কথা নয়, তাই তরীতে খান পরিবারের সদস্যদের যাতায়াতের ছবি প্রকাশ্যে আসে না।
রেস্তোরাঁর প্রবেশমুখে রয়েছে রাজপ্রাসাদের মতো বিশাল দরজা। যাতে স্বর্ণালি অক্ষরে বড় বড় করে লেখা ‘তরী’। নিচু সিলিং, মাটি থেকে ছাদ পর্যন্ত জানালা, দেয়ালে ঝোলানো চিত্রকর্ম থেকে শুরু করে ডেকোরেশন এবং রেস্তোরাঁর প্রতিটি কোনায় রয়েছে আভিজাত্যের ছাপ।
শাহরুখ খানের স্ত্রী, প্রযোজক ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান এই রেস্তোঁরাটি খুলেছেন গেল বছরের ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারিতে।
গৌরীর এই রেস্তোরাঁয় এশিয়ার বিখ্যাত খাবারগুলো পাওয়া যায়। সুশি থেকে শুরু করে সবুজ শাকসবজি, লবস্টার থেকে শুরু করে বিভিন্ন পদের মাংস সবই মেলে সেখানে।
তরীর কোন খাবারটি শাহরুখের পছন্দ সেটিও জানা গেল গাদিতের কথায়।
তিনি বলেছেন ভেড়ার মাংসের স্টেক শাহরুখ পছন্দ করেন। তরীতে গিয়ে অন্য খাবার খেলেও এটি এই পদটি বাদ দেন না।
আর এই দম্পতির ছোট ছেলে আব্রাম খান পছন্দ করেন জাপানি খাবার সুশি।
গাদিত বলেন, “বাবা-ছেলে প্রায়ই আসেন। সময় না থাকলে ওরা খাবার অর্ডার করে দেন। আমরা সেসব খাবার বাড়িতে পৌঁছে দিই।”
এই রেস্তোরাঁটি মূলত লাক্সারি ডাইনিং এক্সপেরিয়েন্সের জন্য। এখানে দুজনের পেটপুরে খেতে খরচ হয় পাঁচ হাজার রুপি।