১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবারও ঢাকায় আসছে ‘জাল’

আগামী ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে কনসার্ট।

আবারও ঢাকায় আসছে ‘জাল’
‘সাউন্ড অব সোল’ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছে ব্যান্ড জাল।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 10:14 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

বছর না ঘুরতেই আবারও ঢাকায় গান গাইতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। 

‘সাউন্ড অব সোল’ নামের কনসার্টে অংশ নিতে নভেম্বরে বাংলাদেশে আসবে দলটি। 

কনসার্টটি আয়োজন করছে ‘স্টেইজ কো’ নামের একটি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে তারা, আগামী ২৮ নভেম্বর ঢাকার ৩০০ ফিট সংলগ্ন ‘স্বদেশ অ্যারেনা’ প্রাঙ্গণে হবে এই কনসার্ট। সেখানে জালের সঙ্গে আরও পারফর্ম করবে ব্যান্ড দল ‘ওয়ারফেজ’ ও ‘লেভেল ফাইভ’।

কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে ‘গেট সেট রক’ ওয়েব সাইটে।   

গেল বছরের ২৮ সেপ্টেম্বর ‘লেজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে পারফর্ম করে গিয়েছিল জাল। ঢাকার পূর্বাচলের ওই ভেন্যুতেই প্রথমে কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে অনুমতি দেওয়া হয়নি। পরে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্ট হয়।  

সে সময় জায়গা সংকুলন ও বিশৃঙ্খলার কারণে সেনা সদস্যদের হস্তক্ষেপে কনসার্ট শেষ করতে হয়।   

২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। 

ওই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে। 

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। 

ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতায, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল 'জাল'। 

আরও পড়ুন: 

'জাল' এর কনসার্টে দর্শকদের ঢল-বিশৃঙ্খলা, সেনা হস্তক্ষেপে ফের শুরু

ঢাকায় পাকিস্তানের ব্যান্ড 'জাল', নতুন অ্যালবামের ঘোষণা

'জাল'র কনসার্ট স্থগিত, নতুন তারিখ আসছে

'জাল' ঢাকা আসছে ১৪ বছর পর