শরৎচন্দ্র চরিত্রে টোটার চমক
দুর্গাপূজায় আসছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’।
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শরৎচন্দ্রের উপন্যাস ‘পথের দাবী’ অবলম্বনে পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সিনেমা বানাচ্ছেন। তাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে চমকে দিয়েছেন টোটা রায়চৌধুরী।
কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রি-টিজার প্রকাশ হয়েছে। টিজারের শুরুতেই টোটাকে দেখা গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশে। পাক ধরা চুল আর ভাঙা চোয়াল তার। বৃষ্টিমুখর পরিবেশে ঘরের মধ্যে সাদা ধুতি-পাঞ্জাবি পরে একমনে লেখালেখিতে ব্যস্ত অভিনেতা।
এরপর ক্যামেরার দিকে তাকিয়ে শরৎচন্দ্র বলে ওঠেন, ‘তাহলে দেখা হোক এবার পুজোয়। সঙ্গে থাকুক সব্যসাচী।’
অন্যদিকে আবির চট্টোপাধ্যায়ের দেখা মিলেছে বন্দুকধারী ‘সব্যসাচী’ বেশে; যিনি ‘পথের দাবীর’ মুখ্য চরিত্র। প্রি-টিজারের ভিডিওতে তার দুই হাতে দুটি পিস্তল। পরনে সাদা শার্ট, কোট ও টুপি।
এই সিনেমা তৈরির খবর সৃজিত দিয়েছিলেন গেল বছরের মাঝামাঝিতে।
টোটা ও আবির ছাড়াও অন্যান্য চরিত্রে আরও দেখা যাবে মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে। তবে তারা কে কোন চরিত্রে অভিনয় করেছেন তা এখনো প্রকাশ্যে আসেনি।
প্রি-টিজার প্রকাশ করে সৃজিত জানিয়েছেন চলতি বছরের দুর্গাপূজায় মুক্তি পাবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। সিনেমাটি প্রযোজনা করছে নন্দী মুভিজ।
১৯২৬ সালে ঠিক যেসময়ে ‘পথের দাবী’ প্রকাশিত হয়েছিল, সেসময়ে কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে এক উদ্দীপনার সৃষ্টি হয়। ‘পথের দাবী’ প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে ওঠে। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।
এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যিনি ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সেসময়ে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার নাগাল পেতে ব্যর্থ হয় ইংরেজরা।
শরৎচন্দ্র ছাড়াও তৎকালীন আরও বহু ঐতিহাসিক ব্যক্তিত্বকে সিনেমায় দেখা যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-সহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রকে ঘিরেই এগোবে কাহিনী।
