Published : 25 Nov 2025, 11:26 PM
কলকাতার বাংলা সিনেমা ‘ভালোবাসার মরশুম’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে অগ্রিম টাকা নিয়েছেন দেশের অভিনেত্রী তানজিন তিশা। এরপর সিনেমা থেকে সরে দাঁড়ালেও টাকা ‘ফেরত না দেওয়ার’ অভিযোগ তুলেছেন সিনেমাটির প্রযোজনা টিম।
এ পরিস্থিতিতে তানজিন তিশা ফেইসবুকে এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
অভিনেত্রী দাবি করেছেন, সোশাল মিডিয়ায় প্রচার হওয়া অভিযোগগুলো ‘ভুল ও পুরোপুরি মিথ্যা রটানো হয়েছে’।
তিনি আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্র যাচাই করে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হন জানিয়ে অভিনেত্রী লিখেছেন, "চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল বিদেশভ্রমণ, ভিসা, ফ্লাইট, থাকা–খাওয়া সব দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। দুর্ভাগ্যজনকভাবে তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। আমি ব্যক্তিগত চেষ্টা করেও ভিসা পাইনি। চুক্তি অনুযায়ী ভিসাসংক্রান্ত সব দায়িত্ব পরিচালকের। তাই এ ব্যর্থতার দায় আমার নয় এটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা।"
তিশা বলেছেন তিনি ভিসার জন্য প্রায় দুই মাস অপেক্ষা করেছেন। তার অপেক্ষার মধ্যেই ‘ভালোবাসার মরশুম’ সিনেমার টিম তার চরিত্রে অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করেছে। এ কারণে তিনি বাধ্য হয়ে কাজটি থেকে সরে আসেন বলে জানিয়েছেন তিশা।
তিশা লিখেছেন, “ওই সময়ে দুই মাস ভিসার জন্য অপেক্ষা করেছি এর মধ্যে ভিসা হয়নি। ফলে তারা অন্য একজনকে আমার সাথে চুক্তিবদ্ধ রুলের জন্য ইনক্লুড করে এবং তাকে দিয়ে অভিনয় করায়। আমি তার পরবর্তী সময়ে এসে বাংলাদেশের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হই যা বর্তমানে শুটিং চলমান।”
ক্যারিয়ারের ক্ষতি করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা চলছে এমন অভিযোগ তুলে তিশা লিখেছেন, “লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছে এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে, আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে আবার সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে, যা একটি অপচেষ্টা মাত্র।”
বিবৃতির শেষে তিশা সাংবাদিকদের উদ্দেশে লিখেছেন, “যেসব সাংবাদিক ভাইয়া না জেনে কিংবা ভুল তথ্য জেনে আমার সঙ্গে কথা না বলেই প্রচার করছেন এবং যেসব সাংবাদিক ভাইয়া আমার সত্যটা তুলে ধরার চেষ্টা করছেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, 'আপনারা সবটুকু জেনে সত্যটাই প্রকাশ করবেন' আমি এইটুকু আপনাদের কাছে আশা করতে পারি।”
এম এন রাজের পরিচালনায় ‘ভালোবাসার মরশুম’ সিনেমার প্রযোজনার দায়িত্বে মেহের এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার।
এ বিষয়ে কথা বলতে তিশার মোবাইলে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
কিছুদিন আগেও একটি ফ্যাশন হাউস অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করেছিল।