Published : 11 Jul 2026, 11:16 PM
একান্নবর্তী পরিবারের ছোটবড় সুখ-দুঃখ, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আর সম্পর্কের নানা টানাপোড়েনের গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’।
আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।
মাছরাঙা টেলিভিশন স্টেশনে দেখা যাবে নাটকটি। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, রোববার থেকে শুরু হবে 'এক পাতিলের সংসার’। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাত সাড়ে ৮টায় প্রচার হবে নাটকটি।
নাটকের চিত্রনাট্যে দেখা যবে নয়নপুর গ্রামের আশিতিপর সেরাজ খান, বিশাল একান্নবর্তী পরিবারের কর্তা তিনি। বয়সের ভারে ন্যুয়ে পড়লেও পরিবারের সবাইকে এক ছাতার নিচে ধরে রাখার চেষ্টা করেন তিনি।

তবে সম্পত্তির ভাগ, উত্তরাধিকার এবং পারিবারিক স্বার্থকে ঘিরে একে একে সামনে আসে পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন মুখ।
সেরাজের বড় ছেলে মেরাজ নিঃসন্তান। তাই তিনি ছোট ভাই এন্তাজের ছেলে কামালকে দত্তক নিয়ে মানুষ করেন। অন্যদিকে মেয়ে শাফিয়া মাঝেমধ্যে বাবার বাড়িতে এসে সম্পত্তির ভাগ দাবি করেন। এমনভাবে পরিবারে নতুন অস্থিরতার জন্ম দেয়।
এসব ঘটনার মধ্য দিয়ে নাটকটি তুলে ধরবে বিলুপ্তপ্রায় একান্নবর্তী পরিবারের সম্পর্ক, স্বার্থ, ভালোবাসা, দ্বন্দ্ব ও সহাবস্থানের গল্প।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রওনক রেজা জুঁই। এই অভিনয়শিল্পী দম্পতির সঙ্গে আছেন আখম হাসান, ফারজানা মিহি, শামীম জামান, জয় রাজ, রেজমিন সেতু, আহসানুল হক মিনু, শফিক খান দিলু, শেলী আহসান, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকে।

ধারাবাহিকটি নিয়ে নির্মাতা ও অভিনেতা শামীম জামান বলেন, এক পাতিলের সংসারে মূলত যৌথ পরিবারের সুখ-দুঃখের গল্প দেখা যাবে। বাড়ির কর্তা চায়, সবাই একসঙ্গে মিলেমিশে থাকুক। তবে পরিবারের এক সদস্য যখন বাড়ি ছাড়তে চায়, তখন থেকে ঘটতে থাকে নানা ঘটনা।
“পারিবারিক আবহের পাশাপাশি নাটকে থাকছে চিরচেনা সামাজিক দ্বন্দ্ব ও প্রেমের গল্প। আশা করছি দর্শকের ভালো লাগবে।"
নির্মাতা বলেছেন, প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হয়েছে। দর্শকের সাড়া পেলে পর্ব আরও বাড়ানোর কথা ভেবে রাখা হয়েছে।