Published : 21 Sep 2024, 08:23 AM
কোনো বিষয়ে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা নিয়ে ব্যাপক ‘সমস্যা আছে’ বলিউডি নায়িকা আলিয়া ভাটের।
এই ব্যাধিতে নায়িকা এতটাই আক্রান্ত যে নিজের বিয়ের দিনেও সাজগোজের জন্য রূপটান শিল্পীকে দুঘণ্টা সময় দিতে চাননি তিনি।
এনডিটিভি লিখেছে, একটি সাক্ষাৎকারে আলিয়া নিজেই তার এই সমস্যার কথা বলেছেন।
আলিয়া বলেন, “আমার মনোযোগ ঘাটতি রয়েছে, যেটাকে বলা হয়, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার (এডিডি)। ব্যাপারটা এমন যে কোনো কিছুতে বেশি সময় দেওয়াতে আমার আগ্রহ নেই, যা কিছু হতে হবে তা দ্রুত হতে হবে।“
মনোযোগের সমস্যাটা কতটা গভীর তা বোঝাতে আলিয়া বলেছেন, তিনি সিনেমার শুটিংয়ের আগে রূপটান নিতে ৪৫ মিনিটের বেশি সময় খরচ করতে রাজি নন।
নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা তুলে ধরে আলিয়া বলেন, “আমাকে রূপটান শিল্পী বলেছিলেন আলিয়া তোমার দুঘণ্টা সময় দিতে হবে। আমি বলেছি, পাগল হয়েছেন! আপনাকে এতটা সময় আমি দিচ্ছি না।“
তবে এর আগে জানা গিয়েছিল, বিয়েতে চড়া সাজগোজ আলিয়ার পছন্দ নয়।
আগামীতে আলিয়াকে দেখা যাবে ‘জিগরা’ সিনেমায়। এই সিনেমায় আভাস মিলছে নারীশক্তির জয়গানের।
কিছুদিন আগে ‘জিগরা’র ট্রেইলার এসেছে।
আগামী ১১ অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পাবে সিনেমাটি।