Published : 14 Jun 2026, 10:11 PM
কোরবানির ঈদে মুক্তি পাওয়া 'বনলতা সেন' সিনেমাটি অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে মুক্তি পাচ্ছে। আগামী ২৬ ও ২৮ জুন সিডনিতে দেখা যাবে সিনেমাটি।
সিনেমার নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, সিডনি ছাড়াও ব্রিসবেন, পার্থ, মেলবোর্ন, এডিলেডের থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি। শিগগিরই শহরগুলোর হল তালিকা ও সময়সূচি জানা যাবে।
সিনেমাটি অস্ট্রেলিয়ায় পরিবেশনার দায়িত্বে আছে পথ প্রোডাকশন।
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তী চরিত্র 'বনলতা সেনকে' এবারের ঈদে প্রেক্ষাগৃহে নিয়ে এসেছেন পরিচালক উজ্জ্বল।
জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
কবিতা থেকে সিনেমা নির্মাণের উদ্দেশ্য জানিয়ে এই পরিচালক বলেন, “আমার সব কাজে শিল্পচর্চার একটা প্রভাব আছে। জীবনানন্দ দাশ যত বড় মাপের কবি তাকে নিয়ে কিন্তু দুই বাংলায় তেমন কাজ হয়নি। আগে যেরকম শিল্প সাহিত্য নিয়ে কাজ হত এখন সেটাও কমে গিয়েছে।”
কবিকে শ্রদ্ধা জানাতেই সিনেমাটি বানাতে হাত দিয়েছিলেন বলে পরিচালক উজ্জ্বলের ভাষ্য।
তিনি বলেন, “যদি এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রে কোনো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হয়ে উঠার যোগ্যতা অর্জন করে থাকে তাহলেই সার্থক হব।”
সিনেমার গল্প নিয়ে উজ্জ্বল বলেন, “এটা মৌলিক গল্প, যা কবিতার অন্বেষণ নিয়ে। কাব্যের মূল সুরকে ঠিক রেখে এক অন্বেষণের গল্প বলবে সিনেমাটি।
উজ্জ্বলের ভাষ্য, “বনলতা সেনকে কেউ দেখেনি৷ বাংলা ভাষায় সর্বাধিক পঠিত কবিতা এটি। এই চরিত্রটাই যেন একটা মিথ রয়ে গিয়েছে। বনলতা সেনকে দেখার জন্য আমাদের ব্যক্তিগত যে বাসনা, সেটা নিয়েই এই গল্প।”
সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুদা রহমান নাবিলা। জীবনানন্দ দাশ চরিত্রে খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে।
২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'বনলতা সেন' দেশের মাল্টিপ্লেক্সে চলছে।