১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘কারও সঙ্গে দেখা হলেই...’, যে বিরক্তির কথা বললেন মাধুরী

মাধুরী বলেন, “ওজন নিয়ে নারীদের যেভাবে আতশকাচের নিচে রেখে মাপা হয়, তা আপত্তিকর।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

অভিনয় ও নাচের জন্য দেশের সীমানা পেরিয়ে যার পরিচয়, বলিউডের সেই মাধুরী দীক্ষিতকে কাজের শুরুতে যে সব ঝক্কি পোহাতে হয়েছে, সেগুলোর মধ্যে তাকে সবচেয়ে বিরক্ত করেছে একটি বিষয়।

তা হল মানুষের ‘কটাক্ষ’; কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার লিখেছে, অভিনয়ে আসার পর থেকে নানা মুনির নানা মত শুনতে হয়েছে মাধুরীকে। তবে সেসবের মধ্যে তার চেহারা নিয়ে করা কটাক্ষের কথা ভুলতে পারেন না আজও। 

মুম্বাইয়ে এক অনুষ্ঠানে মাধুরী বলেন, “আমাকে সেই সময়ে লোকে বলত, এ ভীষণ রোগা। একে কিছু খেতে দাও। তখন ছিলাম একটু বেশিই রোগা। ওজন বেড়ে যাওয়ার পরে বলা শুরু হল, কেন এত ওজন বেড়েছে? আসলে ভারতে প্রথম কারও সঙ্গে দেখা হলেই বলবে, দেখো, কেমন মোটা হয়েছে!’’ 

মাধুরীর কথায় ওজন নিয়ে নারীদের যেভাবে আতশকাচের নিচে রেখে মাপা হয়, তা আপত্তিকর। 

“যারা কটাক্ষ করছেন, তাদের খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।

এক সময় গুঞ্জন ছিল শোনা যায়, ভীষণ রোগাটে স্বাস্থ্য হওয়ায় মাধুরীকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন গায়ক সুরেশ ওয়াডকর। বহু বছর ধরে চলতে থাকা এই গুঞ্জনে কদিন আগে উড়িয়ে দিয়ে সুরেশ বলেন, তার কাছে এমন কোনো প্রস্তাব কখনও আসেনি। 

পুরো ঘটনাটি ‘রটনা’ বর্ণনা করে সুরেশ দাবি করেন, মাধুরী তার খুব ভাল বন্ধু। 

“এটা নিয়ে ভুলভাল কিছু বললে ও আমাকে ছেড়ে কথা বলবে না!’’

তবে ১৯৮৪ সালে অবোধ সিনেমা দিয়ে বলিউডে পা রাখার পরের চার বছর তাকে টিকে থাকার সংগ্রামই করতে হয়েছিল।

১৯৮৮ সালে তেজাব সিনেমায় ‘এক দো তিন’ এ সঙ্গে নেচে মাধুরী যে ঝড় তুলেছিলেন, তারপর আর পেছনে ফিরতে হয়নি তাকে।

তেজাব হিট হওয়ার পর মাধুরীর মধ্যে নতুন মধুবালাকে খুঁজে পেয়েছিল ভারতের দর্শকরা। তারপর একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন তিনি, আর নাচের ক্ষেত্রে হয়ে উঠেছিলেন অদ্বিতীয়া।

ভারতীয় সিনেমা বিশ্লেষকরা বলেন, ক্যারিয়ারে ‘রাম লক্ষ্মণ’, ‘প্রেমপ্রতিজ্ঞা’, ‘দিল’, ‘সাজন’, ‘বেটা’, ‘খলনায়ক’, ‘অঞ্জাম’, ‘হম আপকে হ্যায় কৌন..!’, ‘দিল তো পাগল হ্যায়’ এর মত বহু সিনেমা সফল হয়েছে মাধুরীর অভিনয় ও নাচের ঝড়ে।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করার কিছু দিন পর অভিনয়ে বিরতি দিয়েছিলেন মাধুরী।

তবে দুই সন্তান বড় হওয়ার পর আবার অভিনয়ে ফিরেছেন মাধুরী। ২০১১ সালে মুম্বাই ফেরার পর একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থাও গড়ে তুলেছেন।

কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০২২ সালে নেটফ্লিক্স সিরিজ দি ফেম গেমেও মূল চরিত্রে অভিনয় করেছেন মাধুরী।

অভিনয়ের জন্য জীবনে বহু পুরস্কারে ভূষিত মাধুরীকে ২০০৮ সালে পদ্মশ্রী খেতাব দিয়ে সম্মান জানায় ভারত সরকার।