২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুরা মঞ্চে আনছে ‘আনারসের ঢাকা সফর’

কৃষকের শ্রম, সংগ্রাম ও আশা-ভরসার গল্প উপস্থাপন করা হয়েছে এই নাটকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 01:07 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

শিশুদের সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল বিকাশের প্ল্যাটফর্ম ‘ঢাকা লিটল অপেরা’ প্রথমবার মঞ্চে আনছে নাটক ‘আনারসের ঢাকা সফর’।

মঙ্গলবার মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকের দুইটি প্রদর্শনী হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘ঢাকা লিটল অপেরা’। ওই দিন প্রথম প্রদর্শনী হবে বিকেল ৫টায়, আর দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়। এক ঝাঁক শিশুশিল্পী এই নাটকে অভিনয় করছে। 

‘আনারসের ঢাকা সফর’ নাটকটি লিখেছেন আনজীর লিটন; নির্দেশনায় মনামী ইসলাম কনক এবং সহযোগী নির্দেশনায় আছেন মনিরুজ্জামান রিপন।

টাঙ্গাইলের মধুপুরের বাগানের আনারসের ঢাকায় আসার গল্প উঠে এসেছে ‘আনারসের ঢাকা সফর’ নাটকে। নাট্যকার দেখিয়েছেন কীভাবে প্রত্যন্ত অঞ্চলের আনারসগুলো ঢাকায় এসে পৌঁছায় এবং সেই আনারস বিক্রি করে কৃষক ফুলগাজি কীভাবে নিজের স্বপ্নপূরণের পথে এগিয়ে যান। এই কৃষক আনারস ফলাতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করেন না। তিনি ফলনে প্রাকৃতিক উপায়কে বেছে নেন। 

মধুপুরের বাগানে শেয়াল, কোকিল, কাক, ইঁদুর আর বেড়ালের খুনসুটি আও দুষ্টুমির সাথে এই বাগান ছেড়ে কেবল মানুষের কল্যাণে আনারসের আত্মত্যাগের গল্প নিয়েই এগিয়ে চলে ‘আনারসের ঢাকা সফর’ নাটকের গল্প। 

তারপর ঢাকায় কারওয়ান বাজারে আসার পর বিভিন্ন মানুষের বাসায় চলে যাওয়াই আনারসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। আনারসগুলোর বিক্রির মাধ্যমে একজন কৃষকের শ্রম, সংগ্রাম ও আশা-ভরসার গল্প উপস্থাপন করা হয়েছে এই নাটকে।

নাটকে দেখানো হবে, সব আনারস বিক্রি হয়ে গেলেও দুটো ফিরে আসে ফের মধুপুরেই। ফিরে আসা আনারসগুলোর মাথার মুকুট থেকেই আবারও নতুন বাগান গড়ে তোলেন কৃষক ফুলগাজি। 

চলতি বছরের ৯ অক্টোবর যাত্রা শুরু করে ‘ঢাকা লিটল অপেরা’। শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত নাটক, কবিতা আবৃত্তি, পাঠাভিনয়, নৃত্য ও বাচিকসহ বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের পরিকল্পনা নিয়েছে।