১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে জগতে ৩৩ বছর কেটে গেছে কাজলের

অজয় লিখেছেন, “অনেক কিছু বলতে পারতাম, কিন্তু তুমি চোখ ঘুরিয়ে নেবে।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 01:01 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

কদিন আগে বলিউডি অভিনেত্রী কাজল বলেছিলেন, হিন্দি সিনেমার জগতে কোনো অভিনেত্রীর মধ্যে তিনি নিজের ছায়া খুঁজে পাননি। তার অনেক অনুরাগী কাজলের ওই বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন। 

তারাও মনে করেন, কাজল অত্যন্ত আলাদা ধাঁচের অভিনেত্রী। তার অভিনয় দক্ষতার পাশাপাশি আছে সাবলীলতা।

এই ভাষ্য এসেছে কাজলের জন্মবার্ষিকী ঘিরে। ৫১ বছর বয়সী কাজল অভিনয়ের সঙ্গে আছেন ৩৩ বছর হল। 

বুধবার সোশাল মিডিয়ায় গেল রাতের ঘরোয়া পরিবেশে কাজলের জন্মদিন পালনের ছবি এসেছে। এনডিটিভি লিখেছে, সেই ছবিতে এ ধরনের মন্তব্য করেছেন কাজল ভক্তরা। 

ইনস্টাগ্রামে কাজলের পুরোনো সাদাকালো কিছু ছবিও পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগন। 

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে অজয় লিখেছেন, “অনেক কিছু বলতে পারতাম, কিন্তু তুমি চোখ ঘুরিয়ে নেবে।”

মাত্র ১৬ বছর বয়সে হিন্দি সিনেমায় এসেছিলেন বলিউডের ‘বাজিগর’ নায়িকা কাজল। ফিল্মি দুনিয়ায় পা রাখার আগে তার বাবার সাবধান বাণী ছিল- একবার এই জগতে ঢুকলে বের হওয়া কঠিন, তাই মেয়ে যেন ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। তিন দশক পর কাজলের উপলব্ধি, বাবার কথাই ঠিক ছিল।

কাজলের জন্ম সিনেমা পরিবারে, মা এককালের বাংলা-হিন্দি সিনেমার নায়িকা তনুজা এবং বাবা চলচ্চিত্র নির্মাতা সোমু মুখোপাধ্যায়। ১৯৯২ সালে সোমু মুখোপাধ্যায়ের প্রযোজনা এবং পরিচালনায় ‘বেখুদি’ সিনেমা দিয়েই কাজলের বলিউডে আত্মপ্রকাশ। 

প্রথম সিনেমা হিট না হলেও কাজলের অভিনয় প্রশংসা পেয়েছিল। এরপর অভিনয় দিয়েই বলিউডে স্থান পাকা করে নেন এই অভিনেত্রী। 

১৯৯৩ সালে শাহরুখ খানের বিপরীতে কাজলের ‘বাজিগর’ সুপারহিট হয়। এই অভিনেত্রীর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ভারতের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার একটি।

কাজল এরপর ‘গুপ্ত’,‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’,‘পেয়ার তো হোনাহি থা’, ‘দুশমন’,‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘হাম আপকে দিলমে রেহেতে হে’,‘কাভি খুশি কাভি গাম’,‘ফানা’র এর মতো একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন।

নব্বইয়ের দশকে একের পর এক ‘হিট’ সিনেমা করে কাজল যখন জনপ্রিয়তার ‘তুঙ্গে’ তখন ১৯৯৯ সালে বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে করেন সে সময়ের নায়ক অজয় দেবগণকে।

২০১০ সালের পর কাজলের বেশ কিছু সিনেমা ফ্লপ হয়। কাজের সংখ্যাও অনেক কমিয়ে দেন। 

গেল কয়েক বছরে কাজলকে বেশি পাওয়া গেছে ওয়েব সিরিজে। ‘ত্রিভঙ্গ’, ‘সালাম ভেঙ্কি’, ‘হেলিকপ্টার এলা’, ‘দ্য ট্রায়াল’ সিরিজগুলোয় কাজলের অভিনয়ের প্রশংসা এসেছে। তবে কদিন আগে মুক্তি পেয়েছে কাজলের ‘মা’ সিনেমা।