১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটক পরিচালনায় হাতেখড়ি, নতুনদের জন্য চয়নিকার ‘মাস্টারক্লাস’

মাস্টারক্লাসে নাটক নির্মাণের মৌলিক কৌশলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নাটক পরিচালনায় হাতেখড়ি, নতুনদের জন্য চয়নিকার ‘মাস্টারক্লাস’
চয়নিকা চৌধুরী। ছবি: চয়নিকা চৌধুরীর সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

তরুণ ও নবীন নির্মাতাদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ মাস্টারক্লাস ‘ডিরেকশন: টিভি ড্রামা’, যেখানে নাটক নির্মাণের মৌলিক কৌশলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 

একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনাল (এসিপি) এর আয়োজনে মাস্টারক্লাসে প্রশিক্ষক হিসেবে আসছেন চলচ্চিত্র ও নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী।    

তিনি গ্লিটজকে বলেন, "নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান মানুষই নির্মাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু শুরুটা কীভাবে করবেন, সঠিক পথনির্দেশ কোথায় মিলবে এই দ্বিধায় পিছিয়ে যান অনেকে। নবীনদের সেই বাধা দূর করতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।"

এই বিশেষ আয়োজনে অংশগ্রহণকারীদের শেখানো হবে টেলিভিশন নাটক নির্মাণের মৌলিক কৌশল, টেলিভিশন ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার নিয়ম, তারকাশিল্পীদের প্রকল্পে অন্তর্ভুক্ত করার সঠিক পন্থা, বাজেট প্রণয়ন ও সময় ব্যবস্থাপনা প্রক্রিয়া, পেশাদার পরিচালক হয়ে ওঠার সম্পূর্ণ পথ এবং একজন পেশাদার পরিচালকের আয়ের চিত্র।   

আয়োজক প্রতিষ্ঠান এসিপির প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, “যারা ক্রিয়েটিভ প্রফেশনে খুব সফল এবং যারা এই পেশায় আসতে চান, এই দুই পক্ষকে সরাসরি যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।"     

শুক্রবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই মাস্টারক্লাসটি হবে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ক্লাস। এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন ৫০ জন।