Published : 18 Oct 2025, 01:01 PM
চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৮তম আসরে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা পড়া বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’ সিনেমায় গান গেয়েছেন সংগীত শিল্পী সাহানা বাজপেয়ী।
লিসা গাজী পরিচালিত এই সিনেমাটি অ্যাকাডেমি আওয়ার্ডসের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ (বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত) প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।
সাহানা এই সিনেমায় ‘বিয়ের গান’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন।
তিনি বলেন, “এ সিনেমায় নারীর ব্যক্তি স্বাধীনতা, সামাজিক কলঙ্ক এবং সাংস্কৃতিক প্রতিরোধ এবং দক্ষিণ এশিয়ার পুরুষতান্ত্রিক সমাজে চাপা পড়ে থাকা কণ্ঠস্বর পুনরুদ্ধারের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। ঐতিহাসিক এই সিনেমার জন্য একটি গান রেকর্ড করা আমার জন্য সৌভাগ্যের বিষয়।”
‘বিয়ের গানের’ অন্যতম বিশেষত্ব হল যা লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) ক্যাম্পাসে গানটি রেকর্ড করা হয়েছে।
এ শিক্ষায়তনের স্কুল অব ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড ল্যুঙ্গুয়েস্টিকস থেকে সাউথ এশিয়ান স্টাডিজে পিএইচডি করা ভারতীয় সংগীতশিল্পী বাজপেয়ী বলেন, “এটি একটি অনন্য অভিজ্ঞতা।”
‘বিয়ের গানের’ কথা লিখেছেন লিসা গাজী; আর সংগীতায়োজন করেছেন সোহিনী আলম ও অলিভার উইকস।
নব্বই দশকের এক নারীর বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে পারিবারিক-সামাজিক নিষ্ঠুরতা, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মানসিকতা, সামাজিক অসংগতি ও দৃঢ়চিত্তে ঘুরে দাঁড়ানোর কাহিনিকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই সিনেমাটি; যা দেশের প্রেক্ষাগৃহে এসেছে গত ১৯ সেপ্টেম্বর।
সিনেমাটি প্রথম ঢাকায় প্রদর্শিত হয় চলতি বছরের জানুয়ারি মাসে, ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। একই সময়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয় কলকাতায়। তবে ঢাকা এবং কলকাতার আগে ২০২৩ সালে এই সিনেমার প্রিমিয়ার হয়েছিল ভারতের মুম্বাই শহরে।
এছাড়া অস্কারে যাওয়ার আগে লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। ‘বাড়ির নাম শাগানা’ প্রযোজনা করেছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভ।
সত্য কাহিনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটির প্রধান চরিত্র দীপা, যিনি কোনোভাবেই চান না বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল শহরে বড় হওয়ার পরও দীপা সমাজের কূপমণ্ডূকতা পুরোপুরি অস্বীকার করে নিজের মত করে বেঁচে থাকতে চায়।
সিনেমার বেশির ভাগ চিত্রগ্রহণ করা হয়েছে বাংলাদেশে, কিছু অংশের শুটিং হয়েছে যুক্তরাজ্যের একটি ছোট শহরে।
সিনেমায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এ ছাড়া আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ অনেকে।
লীসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্য করেছেন আনান সিদ্দীকা।