১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মঞ্চে আসছে অপেরার নতুন নাটক 'ক্লোজেট ল্যান্ড'

রাধা ভরদ্বাজের লেখা নাটকটি বাংলায় অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 11:33 AM

Updated : 11 Dec 2023, 11:33 AM

ঢাকার মঞ্চে 'ক্লোজেট ল্যান্ড' নামে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল 'অপেরা'।

নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

রাধা ভরদ্বাজের লেখা নাটকটি বাংলায় অনুবাদ করেছেন নাহিদ স্মৃতি এবং নির্দেশনা দিয়েছেন সাজ্জাদ সাব্বির।

নির্দেশক সাব্বির বলেন, “অনেক দিন থেকেই অদ্ভুত এক নীরবতার সময় পার করছি আমরা। যেন সবাই ভয়ে নিশ্চুপ হয়ে আছি। ভয় অজানার, ভয় নতুনের, ভয় অপমানের, ভয় সুবিধা হারানোর। রাধা ভরদ্বাজ ‘ক্লোজেট ল্যান্ড’ নাটকের চরিত্রকে এমনই এক ভয়ের মুখোমুখি দাঁড় করিয়ে ভয়েরই বিরুদ্ধে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করছেন।

“নিজের আত্মপ্রহরতাকে (সেল্ফ সেন্সরশিপ) প্রশ্ন করার জন্য এই নাটকটি বেছে নেওয়া আমার কাছে যথোপযুক্ত মনে হয়েছে। যেখানে নাট্যকার ভীতি প্রদানকারীদের কদর্য মুখাবয়ব দ্ব্যর্থহীনভাবে তুলে এনেছেন, শিল্পের শর্ত ক্ষুন্ন না করেই।”

নাটকের নির্দেশনার পাশাপাশি মঞ্চ, পোশাক ও আলোক পরিকল্পনাও করেছেন সাজ্জাদ সাব্বির। আলোক প্রক্ষেপণ করবেন নিসান সিয়াম। আবহ সংগীত পরিকল্পনায় নাহিদ স্মৃতি এবং সম্পাদনায় আছেন নীরব হোসেইন রাব্বি।

অপেরার দলপ্রধান মাহাবুব আলম শাহীন বলেন, “নাটকটি নিয়ে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম, নাট্যকারের অনুমতি ও রয়্যালটি সংক্রান্ত প্রক্রিয়ায় কিছুটা দেরি হলেও অবশেষে মঞ্চে আসছে।”

প্রযোজনাটি নিয়ে তিনি আশাবাদী বলেও জানান মাহাবুব।