Published : 18 May 2026, 11:57 AM
দীর্ঘ অপেক্ষা শেষ, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তী চরিত্র বনলতা সেন আসছেন চলচ্চিত্রের পর্দায়।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় ‘বনলতা সেন’ এবার কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে।
সিনেমার পোস্টার প্রকাশ করে ঈদ ঘিরে প্রচারণা শুরু করেছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল গ্লিটজকে বলেছেন, ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। ক্রমান্বয়ে ক্যারেক্টার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ করে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলতে চান তিনি।

তিনি বলেন, “এই সিনেমাটি নিয়ে আমার দীর্ঘ সময়ের অপেক্ষা রয়েছে, সিনেমার পেছনে ১০ বছর সময় ব্যয় করেছি। ২০১৩ সালে সিনেমার চিত্রনাট্য তৈরি করেছি, তারপর বিভিন্ন সময়ে ১৪ টি ড্রাফট করে জীবনানন্দ দাশ নিয়ে গবেষণা করেছি। ২০২৪ সালে সিনেমা নির্মাণ করি, এখন মুক্তির প্রক্রিয়ায় আছে।”
জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।
প্রত্যাশার কথা তুলে ধরে নির্মাতা বলেন, “ঈদে অনেক সিনেমার ভিড়ে বনলতা সেন মুক্তি পাচ্ছে, আমার সিনেমাটি যেহেতু ভিন্নধর্মী আশা করছি দর্শকদের পছন্দ হবে।”
কবিতা থেকে সিনেমা নির্মাণের উদ্দেশ্য জানিয়ে এই পরিচালক বলেন, “আমার সব কাজে শিল্পচর্চার একটা প্রভাব আছে। জীবনানন্দ দাশ যত বড় মাপের কবি তাকে নিয়ে কিন্তু দুই বাংলায় তেমন কাজ হয়নি। আগে যেরকম শিল্প সাহিত্য নিয়ে কাজ হত এখন সেটাও কমে গিয়েছে।”
কবিকে শ্রদ্ধা জানাতেই কেবল সিনেমাটি বানাতে হাত দিয়েছিলেন বলে জানিয়েছেন পরিচালক উজ্জ্বল।
তার কথায়, “যদি এই সিনেমাটি বাংলা চলচ্চিত্রে কোনো গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হয়ে উঠার যোগ্যতা অর্জন করে থাকে তাহলেই সার্থক হব।"
সিনেমার গল্প নিয়ে উজ্জ্বল বলেন, “এটা মৌলিক গল্প, যা কবিতার অন্বেষণ নিয়ে। কাব্যের মূল সুরকে ঠিক রেখে এক অন্বেষণের গল্প বলবে সিনেমাটি।
উজ্জ্বলের ভাষ্য, “বনলতা সেনকে কেউ দেখেনি৷ বাংলা ভাষায় সর্বাধিক পঠিত কবিতা এটি। এই চরিত্রটাই যেন একটা মিথ রয়ে গিয়েছে। বনলতা সেনকে দেখার জন্য আমাদের ব্যক্তিগত যেই বাসনা সেটা নিয়েই এই গল্প।”

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে।
নাটক ও বিজ্ঞাপনচিত্র দিয়ে হাত পাকানো উজ্জ্বলের প্রথম চলচ্চিত্র ‘উনপঞ্চাশ বাতাস’।সিনেমাটি ২০২০ সালের শেষ দিকে মুক্তি পায়।
২০২১-২২ সালের সরকারি অনুদানের এই সিনেমা গত ১২ এপ্রিল সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিপত্র পেয়েছে।