'ইনসাফ', ‘আকা’ যা যা চলছে ওটিটিতে
চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এই সপ্তাহে এসেছে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষার একাধিক নতুন সিনেমা ও সিরিজ।
চরকি, হইচই এবং নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রহস্য, থ্রিলার, কমেডি এবং নাটকীয় গল্পের সিনেমা ও সিরিজ।
শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’, আফরান নিশো ও মাসুদা রহমান নাবিলার ‘আকা’, জেনা ওর্তেগা অভিনীত ‘ওয়েনেসডে সিজন ২’ এবং মনোজ বাজপেয়ীর ‘ইন্সপেক্টর জেন্দে’ দেখা যাচ্ছে ওটিটিতে।
চলতি সপ্তাহের ওটিটির খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
চরকিতে রাজ-ফারিণের 'ইনসাফ'
ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে চলছে 'ইনসাফ'। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত কোরবানির ঈদে। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী।
'ইনসাফ' সিনেমার চিত্রনাট্যে দেখা গেছে, ঢাকা শহরে হঠাৎ অপরাধের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অনেকে ভাবতে শুরু করেন, এক সময়ের ডন ইউসুফ হয়ত আবার ফিরে এসেছে, যার খোঁজ নেই পাঁচ বছর ধরে। সেই ইউসুফকে খুঁজে বের করতে মাঠে নামেন জাহান নামের এক পুলিশ অফিসার।
তদন্তে নেমে তিনি জানতে পারেন, ইউসুফ গা ঢাকা দিয়ে আছেন সিলেটে। তিনি সিলেটে গিয়ে ইউসুফের সঙ্গে চেহারার হুবহু মিল পান লাবু মাস্টার নামের এক ব্যক্তির সঙ্গে। সহজ সরল স্বভাবের লাবু মাস্টার কী আসলেই ইউসুফ? সেই রহস্য ভেদ করতে করতেই এগিয়ে যায় সিনেমার গল্প।
নিশো-নাবিলার 'আকা' হইচইয়ে
হইচইয়ে দেখা যাচ্ছে ভিকি জাহেদ নির্মিত ওয়েব সিরিজ 'আকা'। এতে অভিনয় করেছেন আফরান নিশো, মাসুমা রহমান নাবিলা, ইমতিয়াজ বর্ষণ,এ.কে.আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সমন্তি শৌমী, নিকিতা সাহাসহ অনেকে।
'আকা' সিরিজের গল্পে দেখা যাবে, আবুল কালাম আজাদ ওরফে আকা নামের এক ব্যক্তির স্বপ্ন রকস্টার হওয়ার। কিন্তু স্বপ্নপূরণের পথে কারো সহযোগিতা তিনি পান না। তার পরিবারের লোকজনও মনে করে, স্বপ্ন দেখার বয়স সে ফেলে এসেছে। রিয়েলিটি শোতে অডিশন দিয়েও অপমানিত হতে হয় আকাকে।
অপমানে আর অবহেলায় এক সময় ক্ষুব্ধ হয়ে ওঠেন আকা। বদলে যায় তার পথ। একের পর খুন হতে থাকে আকার হাতে। একদিন নিখোঁজ হয়ে যায় এই তরুণ। তবে আকার খুনি হওয়ার কারণ অজানা থেকে যায়।
অনেক বছর পর ফের একই কায়দায় শহরে খুন হতে থাকে। প্রশ্ন ওঠে তাহলে কী আকা ফিরে এল? হন্যে হয়ে তাকে খুঁজতে থাকে পুলিশ। এভাবেই এগিয়ে যায় সিরিজটি।
নেটফ্লিক্সে 'ওয়েনেসডে সিজন টু'
নেটফ্লিক্সে চলছে ইংরেজি জনপ্রিয় সিরিজ ‘ওয়েনেসডের’ দ্বিতীয় মৌসুম। এই মৌসুমে ওয়েনসডে অ্যাডামসের রহস্যময় অ্যাডভেঞ্চার আরও গভীর হয়েছে। সে তার ভালো বন্ধু এনিডকে রক্ষা করতে গিয়ে মুখোমুখি হবে ভীতিকর পরিস্থিতি, রহস্যময় কিছু চরিত্রের সঙ্গে।
এতে অভিনয় করেছেন জেনা ওর্তেগা, এমা মেয়ার্স, লেডি গাগা।
মনোজ বাজপেয়ী 'ইন্সপেক্টর জেন্দে'
নেটফ্লিক্সে এসেছে হিন্দি সিনেমা 'ইন্সপেক্টর জেন্দে'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ইনস্পেক্টর মাধুকর জেন্দেকে ঘিরে নির্মিত হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন চিন্ময় মাণ্ডলেকার। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, জিম সর্ব, সচিন খেড়েকর।
সিনেমার গল্পে দেখা যাবে, ১৯৮০ সালে দিল্লির তিহার জেল থেকে পালিয়ে যায় ইন্টারপোলের মোস্ট ওয়ানটেড সন্ত্রাসী কার্ল ভোজরাজ। ৩৫ খুনের আসামি কার্ল ভোজরাজ। এ নিয়ে পাঁচবার জেল থেকে পালিয়েছেন তিনি। তাকে খুঁজে বের করে আবার গ্রেপ্তারের দায়িত্ব পড়ে ইন্সপেক্টর জেন্দের উপর।
১৫ বছর আগে জেন্দেই প্রথম গ্রেপ্তার করেছিলেন কার্ল ভোজরাজকে। এই আসামিকে গ্রেপ্তার করতে নানা ছল চাতুরীর পথ অবলম্বন করতে হয় জেন্দাকে। শেষ পর্যন্ত জেন্দা ভোজরাজকে ধরতে পারবেন কী না সেই গল্পই দেখা যাবে সিনেমায়।
