১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হেরা ফিরি ৩: পরেশ ফিরলেন যার অনুরোধে

এই পুনর্মিলনের নেপথ্যে রয়েছেন ফিরোজ নাদিয়াদওয়ালার ভাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক আহমেদ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 01:32 AM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ভারতের হিন্দি সিনেমা ‘হেরা ফিরি’ ফ্র্যাঞ্চাইজির অভিনেতা পরেশ রাওয়াল ফের আলোচনায় এসেছেন। তবে এই অভিনেতাকে ঘিরে এবারের আলোচনা ইতিবাচক। 

সব মনোমালিন্য ও বিতর্কের ইতি টেনে জনপ্রিয় এই কমেডি সিনেমার তৃতীয় কিস্তিতে ‘বাবু রাও’ চরিত্রে ফেরার কথা নিশ্চিত করেছেন অভিনেতা পরেশ।

হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ও অভিনেতা দুজনই জানিয়েছেন, পরেশের সঙ্গে মতপার্থক্য ও ভুল বোঝাবুঝি মিটে গেছে।

দর্শকরা আবারো পর্দায় সিনেমার দুই অন্যতম চরিত্রে রাজু এবং বাবুরাওয়ের কর্মকাণ্ড দেখে আনন্দিত হবেন, এমন আশা করছে সিনেমা টিম। 

এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল বলেছেন ‘পরিবারে’ ফিরে আসতে পেরে তিনি স্বস্তি পাচ্ছেন।

তিনি বলেন. “ভক্তদের ভালোবাসা ও সম্মানে আমি অভিভূত। যখন দর্শকেরা কোনো কিছু এতটা গভীরভাবে ভালোবাসেন, তখন দায়িত্ব আরও বেড়ে যায়। আমরা যেন কখনোই সেই ভালোবাসাকে হালকাভাবে না নিই। পরিশ্রম করে ও আন্তরিকভাবে তাদের এমন একটি সিনেমা উপহার দেওয়া উচিত, যা সেই ভালোবাসার মর্যাদা রাখে।”

এই পুনর্মিলনের নেপথ্যে রয়েছেন ফিরোজ নাদিয়াদওয়ালার ভাই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক আহমেদ খান। 

ফিরোজ বলেন, “সাজিদ ভাই অনেক দিন ধরে ব্যক্তিগতভাবে সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করেছেন। আহমেদ খানও চেষ্টা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আবার এক হলো ‘হেরা ফেরি’ পরিবার।”

হিন্দি সিনেমার দুই চরিত্র রাজু এবং বাবুরাওয়ের কর্মকাণ্ড দেখে হাসেননি এমন দর্শক কম। যে দুই চরিত্র ‘হেরা ফেরি’ এবং ‘ফির হেরা ফিরি’ সিনেমার স্মরণীয় করে রেখেছেন। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘হেরা ফিরি ৩’ এর শুটিং চলছিল। এর মধ্যে বাবুরাও চরিত্রের অভিনেতা পরেশ সিনেমা থেকে বেরিয়ে গেছেন বলে খবর আসে।

‘হেরা ফিরি ৩’ সিনেমা করতে গিয়ে তার সঙ্গে নির্মাতা টিমের ‘সৃজনশীল মতবিরোধ’ হচ্ছে কারণ দেখিয়ে এক্সে একটি পোস্ট দিয়ে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন পরেশ।

এ ঘটনায় পরেশের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি রুপির মানহানির মামলা করার প্রস্তুতি নেন সিনেমার রাজু চরিত্রাভিনেতা অক্ষয় কুমার।

পরে প্রযোজনা সংস্থা ‘কেপ অব গুড ফিল্মসের’ পক্ষ থেকে পরেশকে আইনি নোটিশ পাঠানো হয়। অক্ষয় এই সিনেমার একজন প্রজোযকও।

অগ্রিম নেওয়া টাকা ফেরত দিলেন পরেশছাড়লেন 'হেরা ফেরি ৩'

অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠানটির দাবি, চুক্তি অনুযায়ী ১১ লাখ রুপি অগ্রিম নিয়েও, শুটিং শেষ না করায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

তাই সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে অভিনেতা পরেশ। যদি এই সময়ে শর্ত পূরণ না হয় তাহলে পরেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাবে প্রতিষ্ঠানটি।

এরপর খবর আসে অগ্রিম নেওয়া ১১ লাখ রুপি প্রযোজনা সংস্থাকে ফেরত দিয়েছেন পরেশ। পাশাপাশি পরেশ প্রযোজনা সংস্থাকে ক্ষতিপূরণ হিসেবেও কিছু অতিরিক্ত অর্থ দিয়েছেন, যাতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়।

প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা বলেন, “অক্ষয়জি (অক্ষয় কুমার) খুবই আন্তরিক ও সহায়ক ছিলেন। প্রিয়দর্শনজি, পরেশজি আর সুনীলজিও পাশে ছিলেন সব সময়। এখন আমরা সবাই মিলে একটা মজার ও ভালো সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছি।”

২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ সিনেমা। সে সেময় রাজু, শ্যাম এবং বাবু তিন চরিত্র দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। তিন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠি। আরও ছিলেন টাবু।

প্রথম সিনেমার সাফল্যের পরে ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ নামে সিকুয়েল আসে। এরপর থেকেই হাসতে হাসতে পেটে খিল ধরানো ত্রয়ী চরিত্র বাবু ভাইয়া, রাজু ও শ্যামকে নতুন করে পর্দায় আনার প্রয়াস চলছিল।

অবশেষে সিনেমাটি আসছে।  ‘হেরা ফেরি ৩’ সিনেমার শুটিং শেষ হতে পারে ২০২৬ সালের মাঝামাঝি; আর সিনেমাটি মুক্তি পেতে পারে ২০২৭ সালে।