১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গে শত প্রেক্ষাগৃহ নির্মাণ করবেন প্রসেনজিৎ

এসব প্রেক্ষাগৃহ তৈরি হবে শহর থেকে প্রত্যন্ত গ্রামে, যাতে সিনেমা সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট আরেকটি ব্যবসায় নামতে যাচ্ছেন কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

আনন্দবাজার লিখেছে, প্রসেনজিৎ এবার সিনেমা হলের ব্যবসাতে নেমে পড়েছেন। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তার উদ্যোগে।

আনন্দবাজার লিখেছে, তবে সেই প্রেক্ষাগৃহ খুব একটা বড় নয়। সেগুলোতে ৪০ থেকে ৫০ জন দর্শকের বসার জায়গা থাকবে। এসব প্রেক্ষাগৃহ তৈরি হবে শহর থেকে প্রত্যন্ত গ্রামে, যাতে সিনেমা সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যায়।

বর্তমানে কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে সিঙ্গেল স্ক্রিনগুলোর অবস্থা মোটেও ভাল নয়। অনেক হল বন্ধ হয়ে গেছে, অনেকগুলো বদলে গেছে শপিং মলে। 

নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চৌখানি বলেন, “কমতে কমতে সিঙ্গল স্ক্রিনের সংখ্যা তলানিতে ঠেকেছে। অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, সেই সংখ্যা বাড়াতে হবে। পুরোটাই আলোচনার স্তরে ছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অবশেষে এটি বাস্তবে পরিণত করতে চলেছেন। খুব ভালো লাগছে।” 

কলকাতার বাণিজ্যিক থেকে অন্যধারার সিনেমা, এমনকি হালের ওয়েব সিরিজেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাপুটে অভিনেতা। সব যুগেই ‘সফল’ অভিনেতা হিসবে তার পরিচয়।

বাংলা সিনেমার পাশাপাশি গত কয়েক বছর বলিউডে নিয়মিত কাজ করছেন প্রসেনজিৎ। ‘জুবিলি’, ‘স্কুপ’, ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। কদিন আগে মুক্তি পেয়েছে এই অভিনেতার হিন্দি সিনেমা ‘মালিক’।

এছাড়া আগামীতে মুক্তি পেতে চলা ‘দেবী চৌধুরাণী’ সিনেমায় ভবানী পাঠক চরিত্রে সামনে আসবেন প্রসেনজিৎ।