Published : 22 Jul 2026, 05:17 PM
ভারতের হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন তার অস্ত্রোপচার ও আইসিইতে থাকার যে খবর দিয়েছিলেন, সেখান থেকে সরে এসেছেন তিনি।
নিজের ব্লগে এবার তিনি লিখেছেন, ‘আমি ভালো আছি’।
এনডিটিভি জানিয়েছে, অমিতাভের আগের পোস্টটি তার স্বাস্থ্য এবং হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি করার একদিন পর, এই প্রবীণ তারকা আরেকটি ব্লগ পোস্টের মাধ্যমে নতুন খবর দিয়েছেন।
অমিতাভ বলেছেন, তিনি হাসপাতালে ভর্তি হননি বা তার কোনো অস্ত্রোপচারও হয়নি।
অভিনেতার কথায়, তার আগের লেখায় লিওনেল মেসি ও স্পেনের কাছে আর্জেন্টিনার ধরাশায়ী হওয়ার বিষয়টি তিনি তুলে ধরেছিলেন। যা হয়ত অনেকে কাছে স্পষ্ট হয়নি।
অমিতাভ লিখেছেন, “আমি ভালো আছি। পোস্টটি ভুল বোঝাবুঝি তৈরি করেছে। আমি স্রেফ কেবল একটি বিষয়ের উদাহরণ টেনেছিলাম।"
তিনি বলেন, “আসলে আমি সদ্য শেষ হওয়া ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে আর্জেন্টিনার হার প্রসঙ্গে এটা লিখেছিলাম। কঠিনতম সময়, অস্ত্রোপচারের পরের যন্ত্রণা- সবটাই লিওনেল মেসির অবস্থা বোঝানোর। কারণ, তিনি চ্যাম্পিয়ন। তার জন্যই এটা লেখা।’’

একদিন আগে অমিতাভ তার ব্লগে জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউয়ে থাকার পর বাড়ি ফিরতে হয়। তবে ঘরের ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায় বলে মন্তব্য করেন তিনি।
“বিশেষ করে শারীরিক, মানসিক ভাবে বিধ্বস্ত! ধরুন, আপনি এক জন চ্যাম্পিয়ন। কিন্তু এক দিন যখন পরাজয় আপনার দিকে ধেয়ে আসে, সেটাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়।”
এর পর অনেকেই জানতে চেয়েছেন তিনি এখন কেমন আছেন। এবার লেখার বিষয়বস্তু পরিষ্কার করলেন তিনি। তাতে তার ভক্ত-অনুরাগীদেরও উদ্বেগ কমল।
অমিতাভ তার ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন ধরেন স্মৃতি রোমন্থন করেন। কখনও কখনও নিজের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলেছেন। কখনও নিজের কর্মব্যস্ত জীবন নিয়ে।
অমিতাভকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন প্রভাস এবং কমল হাসান। এই সিনেমার প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ।