ওস্তাদ রাশিদ খানের অবস্থা সঙ্কটাপন্ন
গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রশিদ খান।
কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান। বর্তমানে তার অবস্থাকে সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা।
আনন্দবাজার লিখেছে, ৫৫ বছর বয়সী এই শিল্পী দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছেন তিনি।
এর মধ্যে কিছুদিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে।
বতর্মানে হাসপাতালে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ) রাখা হয়েছে ওস্তাদ রাশিদ খানকে। সেখানে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
রশিদ খানের জন্ম ১৯৬৮ সালে ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী।
শাস্ত্রীয় সংগীতের শিল্পী হিসেবে পদ্মশ্রীসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন রশিদ।
বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
