০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে ১০ অক্টোবর ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছেন শাকিব খানসহ তারকারা

নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় ইভাঞ্জেল চার্চের মিলনায়তনে এ আয়োজন হবে।

নিউ ইয়র্কে ১০ অক্টোবর ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছেন শাকিব খানসহ তারকারা

ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬-এর সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা ‘শো টাইম’-এর নেতৃবৃন্দ।

শাহিন আলম শাহিন আলম

Published : 02 Oct 2026, 12:01 PM

Updated : 02 Oct 2026, 12:01 PM

বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণে আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কে হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’।

নিউ ইয়র্ক সিটির অ্যাস্টোরিয়ায় ইভাঞ্জেল চার্চের মিলনায়তনে এ আয়োজন হবে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘শো টাইম’।

সংবাদ সম্মেলনে ‘শো টাইম’-এর প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক তারকার অংশগ্রহণ থাকছে জানিয়ে তিনি বলেন, দর্শকদের জন্য তারা বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দিতে চান।

প্রবাসী বাংলাদেশিদের জন্য কয়েক বছর বিরতির পর আবারও ঢালিউড অ্যাওয়ার্ড আয়োজন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ বেশ কয়েকজন শিল্পীর অংশ নেওয়ার কথা রয়েছে।

সংগীতশিল্পীদের মধ্যে রিজিয়া পারভীন, এস আই টুটুল ও কনা অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে তারকাদের সম্মাননা দেওয়ার পাশাপাশি স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা থাকবে।

আয়োজকদের ভাষ্য, এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ থাকছেন অভিনেতা শাকিব খান। তিনি সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন।

এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান অংশ নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ‘শো টাইম’-এর ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণি বলেন, “ঢালিউড অ্যাওয়ার্ড শুধু পুরস্কার দেওয়ার অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিকে সম্মান জানানোর একটি আয়োজন।”

তিনি বলেন, বিভিন্ন কারণে মাঝে এক বছর অনুষ্ঠানটি হয়নি। বিরতির পর নতুন উদ্যমে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’ আয়োজন করা হচ্ছে।

প্রবাসী উপস্থাপক শারমিন সোনিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ‘শো টাইম’-এর উপদেষ্টা শাহিন কবিরও বক্তব্য দেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ খালেক ও আহসান হাবিব।