২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রক্তবীজ ২’: সন্ত্রাসী মুনিরের খোঁজে ফের তল্লাশিতে আবীর

‘রক্তবীজ ২’ এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 12:59 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

জঙ্গিগোষ্ঠীর নতুন করে সংঘবদ্ধ হওয়ার যে বার্তা দিয়ে ‘রক্তবীজ’ সিনেমার প্রথম পর্ব শেষ হয়েছিল। সেই জঙ্গিদের নির্মূলে সিনেমার দ্বিতীয় পর্বে অস্ত্র হাতে মিশনে নেমেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রাভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

অ্যাকশনে আবীরের নানা লুক প্রকাশ করেছে সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার। 

ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘রক্তবীজ ২’ মুক্তি পাচ্ছে আর কিছুদিন পরে। কিছুদিন আগে সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। ভিডিওর শুরুতে দেখা গেছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। এক গমগমে কণ্ঠস্বর চ্যালেঞ্জ ছুড়ে বলছে, “মুনিরকে মারতে পারবি না। তোরা এক মুনিরকে মারছিস। আরও হাজার মুনির আসবে।” 

পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। অফিসার পঙ্কজ সিং চরিত্রে আবির চট্টোপাধ্যায় মুনির আলমের খোঁজে নেমেছেন, সঙ্গে আছেন এসপি সংযুক্তা চরিত্রে মিমি চক্রবর্তী। নুাসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়কেও এক ঝলক দেখা গেছে ভিডিওতে। আছেন রাষ্ট্রপতির চরিত্রে ভিক্টর ব্যানার্জিও। 

‘রক্তবীজ' সিনেমার কাহিনী বোনা হয় একটি সত্য ঘটনা ঘিরে। ২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে একটি দোতলা বাড়ি কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ভেতরে থাকা দুই নারী জানিয়ে দেন, তাদের ধরার চেষ্টা করা হলে পুরো ভবন উড়িয়ে দেবেন বোমা মেরে।

পরে দুই নারীকে গ্রেপ্তার করে সেই বাড়ি থেকে পঞ্চাশটির বেশি বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল সেদিন। ওই ঘটনা নিয়েই সিনেমা বানিয়েছিলেন নন্দিতা ও শিবপ্রসাদ, যা মুক্তি পায় ২০২৩ সালে।