Published : 14 Dec 2025, 09:54 PM
মুক্তিযুদ্ধের সময় এক ডাক্তারের বাড়িতে আশ্রয় নেওয়া দুই মুক্তিযোদ্ধার গল্পে নির্মিত হয়েছে বিজয় দিবসের নাটক ‘ডাক্তার বাড়ি’।
নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন রাজু আলীম। নাটকটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
পরিচালক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে মুক্তিযুদ্ধের নাটক ‘ডাক্তার বাড়ি’।
বিজয় দিবস উপলক্ষে ২০১২ সাল থেকে প্রতিবছর ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন অরুণ চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবারও তিনি নির্মাণ করেছেন এই নাটকটি।
মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কীভাবে সহায়তা পেয়েছিলেন, সেই গল্প তুলে ধরা হয়েছে নাটকে।

নাটকের চিত্রনাট্যে দেখা যাবে, গ্রামের এক ডাক্তারের মেয়ে মল্লিকা তার বাবাকে না জানিয়ে দুই মুক্তিযোদ্ধাকে আশ্রয় দেয়। এক সময় ডাক্তারকে হুমকি দেওয়া হয় যাতে তিনি বাড়ি থেকে মুক্তিযোদ্ধাদের বের করে দেন। হুমকিতে তিনি ভয় পেয়ে যান। কিন্তু মল্লিকা তার বাবাকে বোঝায় একটা দিন অপেক্ষা করার জন্য। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, “এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি বাড়ির গল্প। গল্প অনুযায়ী পর্দায় সেই সময়ের আবহ তুলে ধরার চেষ্টা করেছি। শুটিং করেছি নবাবগঞ্জের একটি পুরোনো বাড়িতে। দর্শকের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।”
‘ডাক্তার বাড়ি’ নাটকে মল্লিকা চরিত্রে অভিনয় করেছেন মৌ। তার বাবার চরিত্রে আছেন নরেশ ভুঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রটি করেছেন আহসান হাবিব নাসিম।
মৌ বলেন, “মুক্তিযুদ্ধের কাজ অনেক কম করা হয়েছে আমার। খুব ভালো লেগেছে এত সুন্দর একটি গল্পে অভিনয় করতে পেরে। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ধারণ করতে।”
ঢাকার নবাবগঞ্জে মাসের শুরুর দিকে এই নাটকের দৃশ্য ধারণের কাজ করা হয়েছে।