২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙরের আক্রমণে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওয়াহু দ্বীপে জন্ম নেওয়া পেরি অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন প্রায় এক দশক।

হাঙরের আক্রমণে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতার মৃত্যু
অভিনেতা থামায়ো পেরি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 07:40 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’ সিনেমা করে পরিচিতি পাওয়া হলিউডি অভিনেতা থামায়ো পেরি মারা গেছেন। 

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের সমুদ্র সৈকতে সার্ফিং করার সময়ে রোববার বিকেলে হাঙরের আক্রমণে পেরির মৃত্যু হয়। এই অভিনেতার বয়স হয়েছিল ৪৯ বছর।

হাওয়াইয়ের শহর হনলুলুর জরুরি সেবা সার্ভিস জানিয়েছে, মালেকাহানা সমুদ্র সৈকতে সার্ফিং করছিলেন পেরি। ওই সময় আরেক সার্ফার পেরির ক্ষতবিক্ষত দেহ সাগরের কাছে দেখতে পান। এরপর ওই ব্যক্তি জরুরি সেবা বিভাগে ফোন করেন। 

পেরিকে উদ্ধার করে তীরে আনার পর চিকিৎসা সেবার দায়িত্বে থাকা শেইন এনরাইট তাকে মৃত ঘোষণা করেন। অভিনেতার শরীরে একাধিক জায়গায় হাঙরের কামড়ের ক্ষত ছিল। 

হনলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি এক বিবৃতিতে পেরির মৃত্যুকে 'একটি মর্মান্তিক ক্ষতি' হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, “পেরি একজন কিংবদন্তি ওয়াটারম্যান এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি এখানেই বড় হয়েছেন এবং আমাদের সমুদ্র সুরক্ষা দলের একজন সাহসী সদস্য ছিলেন। তার শরীরের ক্ষত দেখে ধারণা করা হচ্ছে, হাঙরের আক্রমণে তার মৃত্যু হয়েছে।”

যুক্তরাষ্ট্রের ওয়াহু দ্বীপে জন্ম নেওয়া পেরি অভিনয়ের পাশাপাশি লাইফ গার্ড ও সার্ফিং প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন প্রায় এক দশক।

পেরিকে 'সবার প্রিয় লাইফগার্ড' হিসেবে বর্ণনা করেছেন হনলুলুর ভারপ্রাপ্ত ওশান সেফটি প্রধান কার্ট লেগার।

তিনি বলেন, “চমৎকার ব্যক্তিত্বের মানুষ ছিলেন পেরি। মানুষ তাকে যতটা ভালোবাসত, তিনিও সবাইকে ততটা ভালোবাসতেন। থামায়োর পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।” 

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস' এ কানিয়াদের চরিত্রে অভিনয় করেছিলেন পেরি। সিনেমায় আরও ছিলেন জনি ডেপ, পেনেলোপ ক্রুজ ও জিওফ্রে রাশের মত তারকারা।

এছাড়া 'লস্ট', 'ব্লু ক্রাশ', 'চার্লি'স অ্যাঞ্জেলস ২', 'হাওয়াই ফাইভ-০'-তে অভিনয় করেছেন পেরি। কোমল পানীয় কোকো-কোলার একটি বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল তাকে।