১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

জাপান থেকে যুক্তরাষ্ট্র, বিদেশিদের দিয়ে ‘ইত্যাদির' বিশেষ বার্তা

নাচগান ও অভিনয়ের মাধ্যমে বিদেশিরা উপস্থাপন করবেন একটি শিক্ষামূলক ভিডিও।

জাপান থেকে যুক্তরাষ্ট্র, বিদেশিদের দিয়ে ‘ইত্যাদির' বিশেষ বার্তা
‘ইত্যাদি’তে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। ছবি: ফাগুন অডিও ভিশনের সৌজন্যে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 11:14 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

তিন দশক ধরে ‘ইত্যাদি’তে বিদেশি নাগরিকদের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, গ্রামীণ খেলাধুলা ও ইতিহাস, সামাজিক অসঙ্গতির বিষয়ে সামাজিক বার্তা। 

এবারের ঈদে ‘ইত্যাদি’তেও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে একটি অংশ। এ পর্বে বিদেশিরা বাংলা ভাষায় গ্রামের সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করেছেন। নাচগান ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরবেন একটি শিক্ষামূলক বক্তব্য। 

নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবারের বিষয়বস্তু আত্মস্বার্থ ও লোভের কারণে মানবিকতার অবক্ষয়। সুবিধাবাদী ও দ্বিমুখী চরিত্রকে ব্যঙ্গাত্মক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে একটি বিষয়ভিত্তিক গান ও নাচ। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও নৃত্য পরিচালনা করেছেন মামুন। 

নাচ, গান ও অভিনয়ে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত প্রায় অর্ধশতাধিক নাগরিক।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বিদেশিদের নিয়ে কাজ করে বেশ সন্তুষ্ট তিনি।

"উনারা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্য আয়ত্তে আনতে তারা যে পরিমাণ মহড়া করেন, তা অকল্পনীয়। বিশেষ করে সময়জ্ঞান, নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়।" 

 ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ ‘ইত্যাদি’।