১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাফীর হরর সিনেমা ‘আন্ধার’, আসছে পূজায়

ফেইসবুকে সিনেমাটির স্থিরচিত্র প্রকাশ করে প্রচারে নেমেছেন পরিচালক রায়হান রাফী।

রাফীর হরর সিনেমা ‘আন্ধার’, আসছে পূজায়
‘আন্ধার’ সিনেমার দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 07:11 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

অর্থহীন ব্যান্ডের বেজবাবা সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্পে 'আন্ধার' নামের একটি সিনেমার তৈরির কথা শোনা যায় গত বছর। এখন সেই সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে।  

অক্টোবরে দুর্গাপূজার সময় প্রেক্ষাগৃহে 'আন্ধার'মুক্তি পাবে বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

ফেইসবুকে সিনেমাটির স্থিরচিত্র প্রকাশ করে প্রচারে নেমেছেন তিনি। 

রাফী জানিয়েছেন, গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণ শেষে বর্তমানে আন্তর্জাতিক মানের ভিএফএক্স ও গ্রাফিক্স অ্যানিমেশনের কাজ চলছে ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে। 

সিনেমাটি আগামী সেপ্টেম্বরে সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে পোস্টার, টিজার ও ট্রেইলার প্রকাশ করা হবে।

রাফী বলেন, “কয়েক বছর ধরে ঈদে সিনেমা মুক্তি পেলে উৎসবের একটা আবহ তৈরি হয়। আমরা চাই পূজাতেও সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসুক। পূজার ছুটি আমেজে মানুষ প্রেক্ষাগৃহে আসুক, সিনেমা দেখুক এই প্রত্যাশা নিয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছি।” 

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘নাদিয়া’ হয়ে পর্দায় আসবেন অভিনেত্রী নাজিফা তুষি। অভিনেত্রীর একটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন তিনি। যেখানে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে তুষিকে।

তুষি লিখেছেন, “প্রায় এক বছর ধরে চুপ ছিলাম। আর না! ধন্যবাদ রায়হান রাফী আমার লুকটা লিক করে দেওয়ার জন্য। 'আন্ধার' এর নদিয়া আমার অভিনয়ের সবচেয়ে প্রিয় চরিত্র। এই চরিত্রটা আমাকে অনেক রকম ইমোশন নিয়ে খেলতে দিয়েছে। ছিল চ্যালেঞ্জিং, আবার ভীষণ রিওয়ার্ডিংও। আমি যেমন এই চরিত্রে অভিনয় করে দারুণ একটা সময় কাটিয়েছি, আশা করি বড় পর্দায় আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই।"

সহশিল্পী আফসানা মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও একটি ছবি পোস্ট করে তুষি লিখেছেন, “মিমি আপা মানেই ম্যাজিক। তার সঙ্গে বড় পর্দায় কাজ করতে পারাটা আমার সৌভাগ্য।”

সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘হিমেল’ এ অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান। 

তার একটি ছবি পোস্ট করে রাফী লিখেছেন,“চরিত্রটির জন্য এমন কাউকে দরকার ছিল যার বিষয়ে দর্শকের আগে থেকে ধারণা নেই। নতুনদের অভিজ্ঞতা না থাকায় ইমোশন ফুটিয়ে তোলার ক্ষেত্রে ঝুঁকি থাকে। তবে আমরা সেই রিস্ক নিয়ে জিতেছি। ‘আন্ধার’-এর পর মানুষ রেহানকে অভিনেতা হিসেবেই চিনবে।”

তারকাবহুল এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে।

সিনেমাটি তৈরির প্রেক্ষাপট নিয়ে এর আগে গ্লিটজকে শাকীব চৌধুরী বলেছিলেন, অতিপ্রাকৃত ঘটনার প্রতি অনেক আগে থেকেই ঝোঁক ছিল বেজবাবা সুমন ও তার। প্রায় ১৪ বছর আগে দুই বন্ধু মিলে দেশের বিভিন্ন জায়গার পুরোনো বাড়ি, শ্মশান ঘাট, বটগাছতলায় ঘুরে বেড়িয়েছেন প্রচলিত ভৌতিক গল্পগুলোর সত্যতা খুঁজে বের করতে।

সিনেমা নিয়ে শাকিব বলেন, "আমার ভৌতিক গল্প বেশ পছন্দ করি। বাংলাদেশে ভৌতিক গল্পের সিনেমা তেমন অর্থে তৈরি হয়নি।"

‘আন্ধার’ সিনেমার গল্প লিখেছেন শাকিব, সুমন ও আদনান আদিব খান।

সিনেমার গল্প ভাবনা ২০১১ সালের ওই রিয়েলিটি শো ‘ভৌতিস্ট’ থেকে এসে এসেছে বলে জানিয়েছেন শাকিব।

তিনি বলেন, "ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময় সুমন ভাই, আমি ও আরেক বন্ধু জিবরান গল্পটা ভেবে রেখেছিলাম। সেসময় আমরা বিভিন্ন ভৌতিক বিষয় যাচাই করতে ঘুরে বেড়াতাম, ইনভেস্টিগেশন করতাম। তখন থেকেই ইচ্ছে ছিল গল্পটা সিনেমার জন্য করব।”

তবে কাজটা থেমে যায় বেজবাবা সুমনের অসুস্থতার কারণে।

“তিনি সুস্থ হওয়ার পর আমি আর আদনান মিলে গল্পটা তৈরি করে সুমন ভাইয়ের সঙ্গে শেয়ার করলাম। তিনি বেশ কিছু আইডিয়া দিয়ে গল্পটা আরও সুন্দর করে দিলেন।"

তিন গল্পকার শাকিব, সুমন ও আদিব সিনেমাটি বানানোর দায়িত্ব দিয়েছেন পরিচালক রায়হান রাফিকে।

'আন্ধার' সিনেমার চিত্রনাট্য নিয়ে শাকিবের ভাষ্য, গল্পে প্রেম গুরুত্ব পাবে।

“আমরা পশ্চিমা দেশের মত হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে প্রেম থাকবে, হিরোস্টিক ভাব থাকবে, প্রচুর ভয় থাকবে। অর্থাৎ হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার সবই আছে এই গল্পে। গল্পটা আমাদের, মেকিংটা আন্তর্জাতিক মানের।”

সিনেমাটি তৈরি হয়েছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান '২২১ বি' ব্যানারে। যার কর্ণধার গায়ক শাকিব, সঙ্গে আছেন আদনান ও সারাহ আলী।