Published : 26 May 2026, 12:44 PM
কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রহস্য-রোমাঞ্চ ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমা 'পিনিক'।
শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত এই সিনেমাটি চলতি বছর রোজার ঈদে মুক্তির কথা থাকলেও একই সময়ে একাধিক সিনেমার ভিড়ে তা পিছিয়ে যায়।
এফডিসিতে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পে বোনা এই সিনেমায় অ্যাকশন, রোমান্স ও সাসপেন্স একসঙ্গে রাখা হয়েছে।
তার ভাষ্য, "সিনেমার প্রায় সব চরিত্রই নেতিবাচক। চিত্রনাট্য দর্শকদের একটা ঘোরের জগতে নিয়ে যাবে।"
এটি জাহিদ জুয়েলের প্রথম পরিচালিত চলচ্চিত্র। শুটিং হয়েছে ২০২৪ সালে কক্সবাজার সদর ও রামুতে।
সংবাদ সম্মেলনে অভিনেতা আদর আজাদ বলেন, সিনেমায় তার চরিত্রের নাম 'পাশা'। তবে চরিত্রটি নায়ক না খলনায়ক, তা পুরো সিনেমা না দেখলে বোঝার উপায় নেই।
তিনি বলেন, "বাস্তব জীবনেও অনেক 'পাশা' চরিত্র রয়েছে, সেই প্রেক্ষাপট থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। এই চরিত্রটি হয়ে ওঠার জন্য আশিষ খন্দকার স্যারের অধীনে দীর্ঘ সময় গ্রুমিং করতে হয়েছে আমার। পাশা চরিত্রটি সব সময় এক ধরণের 'পিনিকে' (এক ধরণের ঘোরের মধ্যে) থাকে।"
পরিচালককে নিয়ে আদর বলেন, "'পিনিক' সিনেমাটি পরিচালক জাহিদ জুয়েলের প্রথম কাজ হলেও তার নির্মাণশৈলী একজন অভিজ্ঞ পরিচালকের মত। দর্শক দেখে বুঝতেই পারবেন না এটি তার প্রথম সিনেমা। সিনেমার চিত্রগ্রহণে লোকেশনের ক্ষেত্রে নতুনত্ব আনা হয়েছে যা দর্শকদের ভালো লাগবে।"
দর্শকদের উদ্দেশে আদর বলেন, " একটি সিনেমার সঙ্গে অনেক মানুষের শ্রম ও শতভাগ চেষ্টা জড়িয়ে থাকে। ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পাচ্ছে, আমাদের সিনেমাটি ভালো লাগলে যেমন প্রশংসা করবেন, তেমনি খারাপ লাগলেও সৎ সমালোচনা করবেন। কারণ প্রতিটি সিনেমার গল্প, চিত্রনাট্য ও চরিত্র আলাদা। তাই এক সিনেমার সঙ্গে অন্য সিনেমার তুলনা করার সুযোগ নেই।"
বুবলী ও আদর ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী এবং নবাগত অভিনেত্রী কেয়া আল জান্নাহ।
সিনেমায় 'চুম্মা' নামের এক আইটেম সং প্রকাশ হয়েছে; গানে কণ্ঠ দিয়েছেন আকাশ ও তৃষা চ্যাটার্জী।
'পিনিক' প্রযোজনা করেছে ইউরো বাংলা, পরিবেশনায় এআর মুভি নেটওয়ার্ক এবং সহপ্রযোজনায় রয়েছে অথবা এন্টারটেইনমেন্ট।
এর আগে 'তালাশ' ও 'লোকাল' সিনেমায় একসঙ্গে কাজ করেছেন আদর ও বুবলী।