১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বরাদ্দ বাতিল, 'শরৎ উৎসব' করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

"বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা সাপেক্ষে শরৎ উৎসব ১৪৩২ এর অনুমতি বাতিল করা হয়।"

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বরাদ্দ বাতিল, 'শরৎ উৎসব' করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
বিগত বছরগুলোতে চারুকলার বকুলতলায় নিয়মিত শরৎ উৎসবের আয়োজন করে আসছিল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2025, 04:05 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে শরৎ উৎসব আয়োজনের জন্য দেওয়া অনুমতি 'স্থগিত' করা হয়েছিল, দুদিন পর তা 'বাতিল' করার কথা জানানো হল।

শনিবার চারুকলা অনুষদ অফিসে ডিনের সভাপতিত্বে অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয় বলে ডিন আজহারুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাদের সম্পর্কে অনুসন্ধান ও যাচাইবাছাই করে দেখা যায় যে, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী অনেক তথ্য গোপন রেখে শরৎ উৎসব আয়োজনের অনুমতির আবেদন করে।

"বিগত ফ্যাসিবাদী শাসনামলে তাদের বিতর্কিত কর্মকাণ্ড পর্যালোচনা সাপেক্ষে শরৎ উৎসব ১৪৩২ এর অনুমতি বাতিল করা হয়।"

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন নিজেরাই 'শরৎ উৎসব' আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান চারুকলার ডিন।

তিনি বলেন, "সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চারুকলা অনুষদের তত্ত্বাবধানে অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ১৪৩২ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ডাকসুর সহযোগিতায় এই আয়োজন হবে।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই “এদেশের শিল্প-সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালন করে আসছে” বলে মন্তব্য করেন তিনি।

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীকে আগে কেন ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল–সেই প্রশ্নে চারুকলার ডিন বলেন, "সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি প্রতিষ্ঠানকে দেশের শিল্প সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ক্ষেত্রে উৎসাহ প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

"এ ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে উৎসব আয়োজনের জন্য নিজ প্রাঙ্গণকে (বকুলতলা) ব্যবহারের অনুমতি দিয়ে থাকে। সেই রীতি অনুযায়ী সত্যেন সেন শিল্পীগোষ্ঠী চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব পালনের জন্য আবেদন করে।"

তাদের আবেদনে উৎসব পালনের অনুমতিও দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার 'ফ্যাসিবাদবিরোধী লেখক, সাংবাদিক ও শিল্পীসমাজ' নামে একটি প্ল্যাটফর্ম সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বলে জানান আজহারুল ইসলাম।

তিনি বলেন, "আয়োজক কর্তৃপক্ষের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর চিহ্নিত করা পোস্টার চারুকলা অনুষদের গেটে প্রতিস্থাপন করা হয় এবং সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ কালচারাল ফ্যাসিস্ট হিসেবে বহু নেতিবাচক কর্মকাণ্ডের ছবিসহ তথ্য চারুকলা কর্তৃপক্ষের নিকট আসে।

"২০২৪ এর গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনুষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। এবার তা বাতিলের সিদ্ধান্ত হল।"

শনিবারের ওই সভায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইটও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মানজার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারুকলা অনুষদ আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে আমরা তথ্য গোপন করেছি। আবেদনপত্রে যা যা দিতে হয়, তা-ই আমরা দিয়েছি। সেভাবেই আমাদেরকে ভেন্যু বরাদ্দ দেওয়া হয়েছিল। 

“এবার বরাদ্দ বাতিল করা কেন, তা বোধগম্য নয়। এখন আর আমাদের কি-বা বলার আছে, হতাশ হওয়া ছাড়া?"

আগের খবর

শরৎ উৎসব বাতিল নয়, 'স্থগিত': চারুকলার ডিন

এবার গেন্ডারিয়ায় পুলিশের বাধা, বন্ধ হল 'শরৎ উৎসব'

'আপত্তি' ওঠায় চারুকলায় হচ্ছে না শরৎ উৎসব

নগরে শরৎ উৎসব: 'সবার বাংলাদেশ' গড়ার প্রত্যয়

এসেছে শরৎ রাঙানো দিন