২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মা হওয়ার পরেও নাচ? শুনতে হয়েছিল মাধুরীকেও

পরিবার পাশে থাকায় সেই পরিস্থিতি সামলাতে পেরেছেন এই অভিনেত্রী।

মা হওয়ার পরেও নাচ? শুনতে হয়েছিল মাধুরীকেও

দুই ছেলের সঙ্গে মাধুরী দীক্ষিত। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 06:42 PM

Updated : 16 Oct 2022, 06:44 PM

বিয়ে হয়ে গেছে, দুই ছেলের মা হয়েছে, এখন তাহলে কীসের এত নাচ? এমন কটাক্ষের শিকার হতে হয়েছিল মাধুরী দীক্ষিতকেও, যার নাচ এখনও মন্ত্রমুগ্ধ করে রাখে কোটি ভক্তকে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বলিউড তারকা জানালেন, পরিবার পাশে থাকায় তিনি সামলে নিয়েছিলেন সেই পরিস্থিতি।

গত শতকের ৮০ এর দশকে বলিউডে এসেই নাচে ঝড় তোলেন মাধুরী। ‘তেজাব’ তারকার নাচের মুদ্রায় ফিদা হয়েছিলেন চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেইনও।

Image

মাধুরী দীক্ষিত।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী। এরপর ২০০৩ ও ২০০৫ সালে দুই ছেলে জন্মানোর পর বলিউড থেকে বিরতি দেন তিনি। মুম্বাই ছেড়ে স্বামী-সন্তানকে নিয়ে বসবাস শুরু করে যুক্তরাষ্ট্রে।

এরপর ২০০৭ সালে ‘আজা নাচলে’ ছবি দিয়ে ফেরেন বড় পর্দায়। তারপর প্রায় অনিয়মিত হয়ে থাকা মাধুরী এবার এলেন মাজা-মা সিনেমা নিয়ে।

মাধুরী বলেন, ছেলেরা হওয়ার পর সে সময় কাছের-দূরের অনেকেই তাকে বলেছিলেন, সিনেমা-নাচ তো জীবনে অনেক হয়েছে এবার ঘরসংসার দেখাশোনায় মন দেওয়াই ভালো।

“তবে আমি তাতে বিরক্ত হতাম না, কারণ আমার পরিবারের সদস্যরা আমার পাশে ছিল।”

মাধুরীর সদ্য মুক্তি পাওয়া ‘মাজা মা’ সিনেমায় বিবাহিত জীবনের সঙ্গে শিল্পসত্ত্বার সংঘাত দেখান হয়েছে।

Image

স্বামী-সন্তানদের সঙ্গে মাধুরী দীক্ষিত।

মাধুরী সেই সিনেমার সংলাপ টেনে বলেন, “এমন তো সত্যি হয়। কত মানুষ আছেন, যা বিবাহিত নারীদের কর্মস্থলে দেখলেই যাদের চোখ টাটায়। তাদের মানসিকতা এমন যে, বিয়ের পর নাচ কীসের? ঘরের মধ্যে থাক, বাচ্চাদের দেখাশোনা কর। আমরা সেটাই করি। এ্খনকার দিনের গৃহবধূরাও তেমন সম্মান পান না।”

মাধুরী মনে করেন, বেশিরভাগ মানুষই চান মেয়েরা ঘরের কাজ করবে। যদিও তারা বোঝেন না নারীরা সব সামলেও নিজের শিল্পীসত্ত্বাকে এগিয়ে নিতে পারেন।

‘মাজা মা’ ছাড়াও মাধুরী বর্তমানে ডান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখলা জা’র ১০ নম্বর সিজনে বিচারকের দায়িত্বে আছেন। ওই শোয়ে তিনি নোরা ফাতেহি ও করণ জোহরও আছেন বিচারক হয়ে।