১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘এবার কিছু খেয়ে নাও’-সালমানের সেই মন্তব্যে সরব ওয়াংচুক

“অন্তত সালমান কিছু তো বলেছেন! সেটাই আমি সম্মানের চোখে দেখি।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 04:33 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

বলিউডের অভিনেতা আমির খানের মন্তব্যের জবাব দেওয়ার পরে এবার সালমান খানের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গেল জুলাইয়ে প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে সোনম ওয়াংচুক যখন তার অনশনের শেষ পর্বে ছিলেন, তখন সালমান খান সোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছিলেন। 

সেখানে তিনি জানিয়েছিলেন, ওই আন্দোলনের প্রতি তার ‘পূর্ণ সমর্থন’ আছে। মাত্র একদিন পরেই বলিউডের এই তারকা অভিনেতা তার বক্তব্যে বদলে ফেলেন। তিনি আন্দোলকারীদের বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রাখতে অনুরোধ করেন। 

কেবল তাই নয়, আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে বসা সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন ভেঙে খাওয়াদাওয়া করতেও পরামর্শ দেন। 

সালমান বলেছিলেন, “সোনম, যা হওয়ার হয়ে গেছে ভাই। ব্যাপারটা আর টেনে নিও না। ভবিষ্যতে যদি আবার প্রয়োজন পড়ে, সেই লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে রাখো।  যদিও আমার মনে হয়, তার আর প্রয়োজন হবে না। কিছু খেয়ে নাও। তুমি চাইলে, বাড়ি থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেব।”

সালমানের সেই পোস্ট প্রসঙ্গে ওয়াংচুক এতদিন বাদে মুখ খুলেছেন।

তিনি বলেন, “সবারই হয়ত কিছু না কিছু বাধ্যবাধকতা ছিল। আমি সেই বিষয়ে যেতে চাই না।” 

তিনি সালমানকে সম্মানের চোখে দেখেন মন্তব্য করে আরও বলেন, “সব দিক থেকেই বিষয়টাকে দেখতে হবে। অন্তত তিনি কিছু তো বলেছেন! সেটাই আমি সম্মানের চোখে দেখি। তার কী বাধ্যবাধকতা ছিল, সে বিষয়ে আমি কোনও মন্তব্য করতে পারি না।”

ওই সময়ে বলিউডি অভিনেতা আমির খান দাবি করেছিলেন, তার সঙ্গে নাকি সমাজকর্মী সোনম ওয়াংচুকের কখনও দেখাই হয়নি।

কদিন আগে ওয়াংচুক সেই কথার জবাব দিয়েছেন রসিকতা করে।

সোনম ওয়াংচুকের দাবি, আমিরের হয়ত ‘স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ’ হয়েছিল!

এই সমাজকর্মী বলেন, ‘‘পুরনো অনেক ভিডিও ফের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে ‘গজনি’র পোশাকে তিনি (আমির খান) আমার বক্তৃতা শুনছেন। তিনি ‘গজনি’র পোশাকে ছিলেন বলেই এবং হয়ত স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশের শিকার হয়েছিলেন। ১৫ মিনিট পরেই হয়ত ভুলে গিয়েছিলেন আমাকে। তাই আমি তার কথা শুনে অবাক হইনি।”

গেল জুলাই মাসে সোনম ওয়াংচুকের বিষয়ে আমির খানকে প্রশ্ন করা হয় লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে। প্রশ্নটি ছিল তার জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ঘিরে।

দীর্ঘদিন ধরেই বলা হয়ে আসছিল ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘র‍্যাঞ্চো’ চরিত্রটি নাকি সমাজকর্মী সোনম ওয়াংচুক থেকে অনুপ্রাণিত।

তবে এটি ‘ভুল ধারণা’ বলে লন্ডনের অনুষ্ঠানে স্পষ্ট জানিয়ে দেন আমির। ২০০৯ সালে সিনেমা তৈরির সময় তিনি সোনমকে চিনতেন না বলেও স্পষ্ট করেছেন।

আমির হয়ত গজনির চরিত্রে ডুবেছিলেন, তাই ‘স্মৃতিবিভ্রাট’: ‘থ্রি ইডিয়ট্স’ বিতর্কে ওয়াংচুক

‘আন্দোলন শান্তিপূর্ণ ছিল, রাজনীতি ঢোকাবেন না’, শিক্ষার্থীদের পাশে এবার সালমান

‘শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাও, সোনমও কিছু খেয়ে নাও’, পিছু হটলেন সালমান