Published : 30 Jul 2026, 08:03 PM
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমা জায়গা করে নেওয়াকে নিজেদের ‘গুরুত্বপূর্ণ সাফল্য’ হিসেবে মূল্যায়ন করেছে ‘ফন্দাৎসিওনে প্রাদা’।
ইতালির নামকরা শিল্প ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি বলেছে, 'দ্য ডিফিকাল্ট ব্রাইডই' তাদের সহায়তায় নির্মিত প্রথম সিনেমা, যেটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো কোনো আসরে জায়গা করে নিল।
বুধবার প্রতিষ্ঠানটি তাদের ইনস্টাগ্রামের এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের 'অরিজোন্তি' প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস উৎসবে অংশ নিতে যাচ্ছে।
আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে বসবে বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবের আসর।
ফন্দাৎসিওনে প্রাদা লিখেছে, ২০২৫ সাল থেকে তাদের ‘ফিল্ম ফান্ডের’ যাত্রা শুরু হয়। এই তহবিলের মাধ্যমে তারা এখন পর্যন্ত ১৪টি চলচ্চিত্রে সম্পৃক্ত ছিল।
“স্বাধীন ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করা শিল্পী ও পেশাজীবীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ফন্দাৎসিওনে প্রাদার যে উদ্যোগ, তাতে 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' সিনেমাটি একটি গুরুত্বপূর্ণ সাফল্য।”
ঢাকার এক বিউটি পার্লার, একটি বিয়ে, আর ছোটবেলার এক ভয়ের গল্প ঘিরে তৈরি 'দ্য ডিফিকাল্ট ব্রাইড' রুবাইয়াতের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে 'মেহেরজান', 'আন্ডর কনস্ট্রাকশন' ও 'মেইড ইন বাংলাদেশ' নির্মাণ করেন তিনি।
'দ্য ডিফিকাল্ট ব্রাইডে’ মূল চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। দেড় বছর এই প্রজেক্টে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর অডিশনের মাধ্যমে তাকে প্রধান চরিত্রে বেছে নেওয়া হয়।
সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রান্স, পর্তুগাল, নরওয়ে, জার্মানি ও বাংলাদেশের খনা টকিজ।
সিনেমটির অর্থায়ন নিয়ে রুবাইয়াত হোসেন গত রোববার গ্লিটজকে বলেছিলেন, “বাবার জীবদ্দশায় দেড় থেকে দুই লাখ ইউরোর বেশি তোলা সম্ভব হয়নি। কিন্তু বাবা মারা যাওয়ার পর আন্তর্জাতিক বেশ কয়েকটি ফান্ড থেকে একসঙ্গে সাড়ে চার থেকে থেকে ৫ লাখ ইউরোর অর্থায়ন চলে আসে।”
আরো পড়ুন
ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের 'দ্য ডিফিকাল্ট ব্রাইড'