ডাকাতি থেকে প্রেম, প্রেম থেকে সংসার: ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকুর’ প্রথম গান প্রকাশ্যে
বহুরূপী’ সিনেমার বিক্রম আর ঝিমলি ফিরছে।
ব্যাংক ডাকাতির যে সিনেমা দর্শক মন আর বক্স অফিস ‘ভরিয়ে দিয়েছিল’, সেটির সিক্যুয়েল আসছে।
এবারের পর্বের নাম ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’।
সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ লিখেছে, এবারে ডাকাত ও তার প্রেমিকার ডাকাতি এবং সংসার জীবন কেমন হবে তার আভাস দিল সিনেমার প্রথম গান ‘ফুল ফুটেছে’।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ সিনেমার বিক্রম আর ঝিমলি ফিরছে, তবে এবার তাদের গল্পে বদল এসেছে অনেকটাই। একসময় যে সম্পর্কের শুরু হয়েছিল টানাপড়েন, বিপদ আর উত্তেজনার মধ্যে দিয়ে, সেই সম্পর্কই এবার পৌঁছে গিয়েছে দাম্পত্যের দরজায়।
এই দুই চরিত্রে এবারেও পর্দায় আসছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানি মুখোপাধ্যায়।
গানটির কথা লিখেছেন ননিচোরা দাস বাউল। সুর করেছেন ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী। আর কণ্ঠ দিয়েছেন ননিচোরা দাস বাউল, অর্পিতা চক্রবর্তী এবং বনি চক্রবর্তী। গানটি তৈরি করতে সময় লেগেছে প্রায় এক বছর।
একাধিক ধরনের গান ও সুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর শেষ পর্যন্ত হারমোনিয়ামে তৈরি হওয়া একটি সুরে বাধা হয়েছে গানটি।
চিত্রনাট্যে বিক্রম-ঝিমলির ব্যক্তিগত জীবনের পাশাপাশি দেখানো হবে অপরাধ, সংঘাত এবং বৃহত্তর গল্পের আবহ।
২০২৪ সালে মুক্তির পর ‘বহুরূপী’র জনপ্রিয় হয় দর্শকদের কাছে। ওই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর পরিচালনার সঙ্গে সঙ্গে অভিনয়েও ফেরেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
গেলবারের মত এবারের কিস্তিও পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়।
