Published : 10 May 2026, 05:08 PM
মা দিবসে, কারাবন্দি নারীদের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান।
পিপলস ম্যাগাজিন জানিয়েছে, মা দিবসে ৫০ জন কারাবন্দি নারীর সঙ্গে তাদের সন্তানের দেখা করিয়ে দেবেন তিনি।
রিফর্ম ও লেডিজ অব হোপ মিনিস্ট্রি (এলওএইচএম) নামের দুটি সংস্থার সঙ্গে মিলে কার্দাশিয়ান যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে থাকা ৫০ জন নারীকে নির্বাচন করেছেন। সন্তানদের তাদের মায়ের সঙ্গে দেখা করার পুরো খরচই দিচ্ছেন কার্দাশিয়ান ও ওই দুই সংস্থা।

এক বিবৃতিতে কিম কার্দাশিয়ান বলেন, “অবশেষে রোববার (বাংলাদেশ সময় সোমবার) তারা একসঙ্গে মা দিবস পালন করবে। এই মায়েদের অনেকেই বহু বছর তাদের সন্তান ও পরিবার থেকে দূরে আছেন। তারা সন্তানের জন্মদিন মিস করেছেন, একসঙ্গে কোনো ছুটি কাটাতে পারেননি। এসব মুহূর্তগুলোকে আমরা অত্যন্ত স্বাভাবিক হিসেব ধরে নিই।
“রিফর্ম ও এলওএইচএমের সঙ্গে মিলে এই পরিবারগুলোকে একত্রে আনার কাজটি করে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এতে তারা আবারও তাদের সন্তানদের স্পর্শ করতে পারবেন, একসঙ্গে হাসতে পারবেন, আবারও পরিবার হয়ে উঠতে পারবেন।”
সম্প্রতি রিফর্ম অ্যালায়েন্সের জেসিকা জ্যাকসনের সঙ্গে মিলে কিম কার্দাশিয়ান, ক্রিস জেনার ক্যালিফোর্নিয়ার চোওচিলা কারাগারে গিয়েছিলেন। সেখানে তারা নারী কারাবন্দিদের কথা শোনেন। যাদের মধ্যে অনেকে দূরারোগ্য ব্যাধিতে ভুগছেন ও তাদের বিশেষায়িত সেবা দিতে হচ্ছে।

ওই সফরের পর নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডলে এক পোস্টে কার্দাশিয়ান লেখেন, “গত সপ্তাহে আমি ও আমার মা ক্যালিফোর্নিয়ার চোওচিলায় সেন্ট্রাল ক্যালিফোর্নিয়াস ওম্যানস ফ্যাসিলিটির হসপিস ইয়ার্ডে গিয়েছিলাম। সেখানে খুবই মর্মস্পর্শী কিছু বিষয় আমাদের নজরে এসেছে। অনেক নারীই বহু দশক ধরে কারাগারে আছেন ও একে অপরের পরিবারের সদস্যদের মতো হয়ে গেছেন। তারা দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের সেবা দিচ্ছেন, যেন কেউ নিঃসঙ্গ অবস্থায় মারা না যান।”