‘অপলাপ’ আসছে ২৯ অগাস্ট
নাজিম উদ দৌলার রচনায় 'অপলাপ' পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না।
ফ্যামিলি ক্রাইম থ্রিলার 'অপলাপ' আসছে ওটিটি প্ল্যাটর্ফম দীপ্ত প্লেতে, আগামী ২৯ অগাস্ট থেকে দেখা যাবে এই ওয়েব ফিল্ম।
নাজিম উদ দৌলার রচনায় 'অপলাপ' পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, জিয়াউল রোশান, নিপুণ আক্তার, প্রিয়ন্তী উর্বী।
সিনেমার গল্পটা এরকম– মনো্বিদ অর্ক রহমানকে গ্রেপ্তার করা হল স্ত্রী সুমিকে খুনের অপরাধে। পুলিশের জিজ্ঞাসায় অকপটে খুনের দায় স্বীকার করে নিলেন অর্ক। মামলা চলে গেল আদালতে।
কিন্তু অর্কর পার্সোনাল সেক্রেটারি বর্ষার বিশ্বাস, খুনটা অর্ক করেননি। সাহায্যের আশায় বর্ষা শরণাপন্ন হলেন অর্কের বাল্যবন্ধু ডিবি অফিসার সাইফ হাসানের। সাইফ কি পারবে বন্ধুকে বাঁচাতে? পারবে কি সত্যটা বের করতে?
পরিচালক মোহাম্মদ আলী মুন্না বলেন, "সুস্বাদু ফলকে যেমন ফলের পোকা নষ্ট করে দেয়, সন্দেহ তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে। এই রূপান্তর প্রক্রিয়া আমাদের সাবলাইম টার্গেট, যেন দর্শক সন্দেহবাতিকের ভয়াবহতার ব্যাপারে সচেতন হতে পারে। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে পারে।"
