নিজের রেস্তোরাঁয় ‘মাস্টারশেফ’ আশা ভোঁসলে
রান্নার প্রতি ভালোবাসা থেকেই ২০ বছর আগে রোস্তোরাঁ ব্যবসায় যুক্ত হন আশা ভোঁসলে। অনেক দেশেই তার রেস্তোরাঁর শাখা আছে এখন।
গাইতে গাইতে হাতা-খুন্তি নাড়ছেন, আবার স্বাদও চেখে দেখছেন কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে। সেই ছবি দেখে এক ভক্ত তার নাম দিয়েছেন ‘মিউজিক্যাল শেফ’।
দুবাইতে নিজের রেস্তোরাঁ ‘আশা’জ এর একটি শাখা খুলেছেন সম্প্রতি। সেই রেস্তোরাঁর কিচেনে নিজের ওই ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন নব্বই ছুঁই ছুঁই আশাজি।
হিন্দুস্তান টাইমস লিখেছে, প্রখ্যাত এই ভারতীয় শিল্পী যে একজন পাকা রাঁধুনী, সে খবর অনেকেরই জানা। সেই সঙ্গে তিনি একজন সফল উদ্যোক্তাও বটে।
রান্নার প্রতি ভালোবাসা থেকেই ২০ বছর আগে রোস্তোরাঁ ব্যবসায় যুক্ত হন আশা ভোঁসলে। অনেক দেশেই তার রেস্তোরাঁর শাখা আছে এখন।
ইনস্টাগ্রামে আশার পোস্ট করা ভিডিওতে তাকে দেখা গেছে দুবাইয়ের আশা’জ-এ; শেফের পোশাক পরে পোলাও জাতীয় কোন একটি খাবার রান্না করতে করতে গাইছেন ‘আও না গলে লাগ যাও’ গানটি। আবার খুন্তিতে খানিকটা খাবার তুলে এনে ঘ্রাণও যাচাই করছেন।
কমেডিয়ান জেমি লিভার ওই ভিডিওর মন্তব্যে হাততালির ইমোজি দিয়েছেন। আরেক ভক্ত লিখেছেন, ‘সংগীত এবং খাবারের সংমিশ্রণ দুর্দান্ত, দুটোই হৃদয়ের কাছাকাছি।“
আরক ভিডিওতে দেখা যায় নাতনি জানাই ভোঁসলে তার দাদির রেস্তোরাঁ ঘুরে ঘুরে দেখছে। আর আশা ভোঁসলে মশলা ছড়িয়ে তৈরি করছেন কোনো একটি খাবার।
হিন্দুস্তান টাইমস লিখেছে, বিশ্বের ১৮টির বেশি শহরে এখন ব্যবসা করছে ‘আশা’জ। এই বয়সেও আশা নিজে ব্যবসার বিভিন্ন দিক তদারকি করেন।
