আততায়ীর প্রেমের গল্পে ‘ছায়াসঙ্গী’
ঈদের আগের দিন প্রচার হবে নাটকটি।
ভালোবাসা আর অন্ধকার অতীতের টানাপোড়েন নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘ছায়াসঙ্গী’। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।
চিত্রনাট্যে দেখাবে, সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। ঘটনাক্রমে সুলতানের পরবর্তী নিশানা সাদনিমা নোমান নামের এক মেয়ে। যখন সুলতান মিশনে নামেন, তখন ঘটতে থাকে একের পর এক ঘটনা। একসময় নোমানের প্রেমে পড়ে যায় সুলতান। এমন ঘটনায় এগিয়ে যাবে ‘ছায়াসঙ্গী’।
সোহেল রাজের পরিচালনায় ঈদের আগের দিন একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।
নাটকটি নিয়ে খায়রুল বাসার বলেন, "অনেক খারাপ মানুষও ভালোবাসা পেলে সঠিক মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু সেই মানুষটার ভালো হয়ে বেঁচে থাকা সহজ হয় না। সুন্দরকে আগলে রাখা সহজ হয় না, আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা আছে।
“এইসব দিক বিবেচনায় ‘ছায়াসঙ্গী’ আমার কাছে আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা করেছি।"
নির্মাতা রাজ জানিয়েছেন, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে এবং ডামি ছাড়াই খায়রুল এসব দৃশ্যগুলো নিজে করেছেন।
নাটকটি নিয়ে তিনি বলেন, "‘ছায়াসঙ্গী’ নাটকের মাধ্যমে একটি ভালো কাজের চেষ্টা করেছি। দর্শক কাজটি দেখুক। এর ভালো মন্দ দিক নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা করুক এইটুকুই আমার চাওয়া।"
এতে সোমেশ্বর অলির লেখা সাজিদ সরকারের সুর-সংগীতে ‘অনেক ভালোবেসে’ নামে একটি গান রয়েছে। যেটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস।
