১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ক্রনিকলস অব নারনিয়া’র নতুন পর্ব তৈরি করছে নেটফ্লিক্স

‘নারনিয়া: ম্যাজিশিয়ানস নেফিউ’ আইম্যাক্সে মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2026, 08:43 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সিএস লুইসের বিখ্যাত শিশুতোষ বই ‘ক্রনিকলস অব নারনিয়া’র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে বেশ কিছু টিভি সিরিজ ও সিনেমা। হলিউডে তৈরি হয়েছে দারুণ ব্যবসা সফল তিনটি সিনেমা। যার সবশেষটি ছিল ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার’।

জনপ্রিয় এই সিরিজের নতুন একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে। অস্কার মনোনীত পরিচালক গ্রেটা গারউয়িগ পরিচালনা করছেন ‘নারনিয়া: ম্যাজিশিয়ানস নেফিউ’ নামের নতুন এই পর্ব।

ভোগ ম্যাগাজিন জানিয়েছে সিনেমার কলাকুশলী ও নেপথ্যের কুশিলবদের খবর।

২০১৮ সালে নেটফ্লিক্স নারনিয়া বইগুলো থেকে নতুন সিরিজ তৈরির ঘোষণা দেয়। বিশ্বখ্যাত এই স্ট্রিমিং জায়ান্ট জানিয়েছে, তারা বইয়ের সাতটি পর্ব নিয়ে কাজ করবে। ভোগ জানিয়েছে, নারনিয়ার কাহিনী নিয়ে অন্তত দুটি সিনেমা তৈরি করতে যাচ্ছে নেটফ্লিক্স।

এর মধ্যে প্রথমটি ‘নারনিয়া: ম্যাজিশিয়ানস নেফিউ’ আইম্যাক্সে মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি। আর নেটফ্লিক্সে দেখা যাবে ২ এপ্রিল থেকে।

সিরিজের মূল খল চরিত্র হোয়াইট উইচ হিসেবে দেখা যাবে ব্রিটিশ অভিনেত্রী এমা ম্যাকিকে। আগের ট্রিলজিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন টিলডা সুইনটন। 

হলিউডের দুই হেভিওয়েট মেরিল স্ট্রিপ ও ড্যানিয়েল ক্রেইগও থাকছেন সিনেমায় এমনটা দাবি করছে ভোগ। সিরিজের বিখ্যাত চরিত্র আসলানের কণ্ঠ দিতে পারেন স্ট্রিপ। এছাড়াও, থাকছেন ক্যারি মালিগান।

নারনিয়ার প্রথম পর্ব ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’ এর  মূল কাহিনী লন্ডনের চার শিশুকে নিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তার জন্য তারা শহর ছেড়ে গ্রামে চলে যায় ও কাপড়ের আলমারির পেছনে এক রূপকথার জগতের দরজা খুঁজে পায়। 

‘নারনিয়া’ নামের সেই জগতে শুরু হয় তাদের অ্যাডভেঞ্চার। চারজনের পরিচয় হয় নারনিয়ার রাজা সিংহ আসলানের সঙ্গে।

নারনিয়ার বইগুলোর ষষ্ঠ পর্ব ‘ম্যাজিশিয়ানস নেফিউ’ মূলত নারনিয়ার অরিজিন স্টোরি। এখানে দেখানো হবে কীভাবে আসলান নারনিয়াতে এসেছে এবং নারনিয়া সৃষ্টির নেপথ্যের কাহিনী।